Himachal Pradesh Disaster

হিমাচল প্রদেশে ধসের কবলে আস্ত বাস, অন্তত ১৮ যাত্রীর মৃত্যু! এখনও আটকে অনেকে, চলছে উদ্ধারকাজ

৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের দিকে যাচ্ছিল। ভালুঘাট এলাকায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ২১:৪১
Share:

চলছে উদ্ধারকাজ। ছবি: পিটিআই।

হিমাচল প্রদেশে ভয়াবহ ধসের কবলে পড়ল যাত্রিবাহী বাস। অন্তত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ধসের মধ্যে আটকে অনেকে। চলছে উদ্ধারকাজ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধস নামে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে কমপক্ষে ১৮ জন বাসযাত্রী নিহত হয়েছেন। ৩০-৩৫ জন যাত্রী ছিলেন বাসটিতে। হরিয়ানার রোহতক থেকে হিমাচল প্রদেশের বিলাসপুরের দিকে যাচ্ছিল বাসটি। পঠানকোট-মান্ডী জাতীয় সড়কে ভালুঘাট এলাকায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসনকে। সমাজমাধ্যমে হিমাচলের মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘বিশাল ভূমিধসে একটি বেসরকারি বাসের প্রায় ১০ জনের প্রাণহানির খবর এসেছে। আশঙ্কা করা হচ্ছে, আরও অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে থাকতে পারেন।’’

Advertisement

সুখু আরও জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘দুর্ঘটনা নিয়ে প্রতিনিয়ত খবর পেতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।’’ সংবাদ সংস্থা পিটিআই স্থানীয় এক পুলিশ আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, বাসের উপর বিশাল আকারের ধস নামে। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ইতিমধ্যে এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবার পিছু ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement