(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিবরাজ সিংহ চৌহান (ডান দিকে)। — ফাইল চিত্র।
নিচুমানের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্প রূপায়িত করা হচ্ছে না। ফলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলার কৃষক সমাজ। কৃষকদের সঙ্গে ওই অন্যায় করে আসলে ‘পাপ’ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ ভাবেই সরব হলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।
সম্প্রতি নরেন্দ্র মোদী সরকার দেশের ১০০টি জেলায় কৃষকদের কথা ভেবে ‘ধন ধান্যে যোজনা’ শুরু করেছে। মূলত খরচ কমিয়ে, সেচের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে দেশ জুড়ে ওই যোজনা শুরু করা হয়েছে। আজ লোকসভায় ওই যোজনা সংক্রান্ত মধ্যপ্রদেশের সাগর লোকসভা কেন্দ্রের সাংসদ লতা ওয়াংখেড়ের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেন কৃষিমন্ত্রী।
শিবরাজ জানান, দেশের একশোটির মধ্যে কেবল ৯৬টি জেলায় ওই প্রকল্প শুরু হয়েছে। তাঁর দাবি, যে চারটি জেলায় ওই প্রকল্প শুরু হয়নি সেগুলি হল-পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম। কৃষিমন্ত্রী বলেন, ‘‘ওই গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করতে না দিয়ে পাপ করেছে। পশ্চিমবঙ্গবাসীর শুনে রাখা উচিত, রাজ্যের কৃষকদের সঙ্গে অন্যায় করে পাপ করেছেন মমতা।’’ শিবরাজের কথায়, ‘‘কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণ হলে নরেন্দ্র মোদীর নাম হবে। তাই রাজনৈতিক স্বার্থেই একাধিক কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণ আটকে রেখেছে রাজ্য সরকার। তাতে কৃষক মরে গেলেও ভ্রূক্ষেপ নেই রাজ্য সরকারের।’’ শিবরাজের দাবি, কেবল ধন ধান্যেই নয়, প্রাকৃতিক কৃষি মিশন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাও পশ্চিমবঙ্গে রূপায়িত হয়নি। শিবরাজের যুক্তি, ‘‘এর পিছনে নিকৃষ্ট মানের রাজনীতিই দায়ী। রাজনীতি করে পশ্চিমবঙ্গের জনতাকে মারার পাপ তৃণমূল সরকার করে চলেছে।’’ তাঁর দাবি, সরকার পরিবর্তন হলে সব কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে শুরু হবে।
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোনও সাংসদের প্রশ্নের উত্তরে রাজ্যের নেতিবাচক ভূমিকার সমালোচনা করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের। কিন্তু আজ মধ্যপ্রদেশের এক সাংসদের প্রশ্নের জবাব দিতে গিয়ে যে ভাবে পশ্চিমবঙ্গকে টেনে এনে তীব্র ভাষায় শিবরাজ আক্রমণ শানান, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ প্রশ্নোত্তর পর্বে শিবরাজ যখন জবাব দিচ্ছিলেন সে সময়ে ওয়েলে নেমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন তৃণমূলের সাংসদেরা। সূত্রের মতে, পরিকল্পনামাফিক তৃণমূলকে নিশানা করবেন ঠিক করে নিজের আসন থেকে বেশ ক’টি আসন পিছিয়ে গিয়ে শিবরাজ চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানান। যাতে তৃণমূল সাংসদেরা তাঁকে বাধা দিতে না পারেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে