Engineer Thrown off From Bridge

লুটপাট চালানোর পর দেহরাদূনে সেতু থেকে ছুড়ে ফেলা হল সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারকে, অবস্থা আশঙ্কাজনক

পুলিশ জানিয়েছে, আক্রান্ত ওই যুবকের নাম আকাশ কুমার। তিনি সহস্ত্রধারা ক্রসিংয়ের কাছে অপেক্ষা করছিলেন। রাত তখন ২টো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১১:০০
Share:

প্রতীকী ছবি।

কাজ থেকে ফিরছিলেন সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। রাস্তায় তাঁর পথ আটকে দাঁড়ায় দুই দুষ্কৃতী। প্রথমে তাঁকে মারধর করা হয়। অভিযোগ, তার পর তাঁর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে সেতু থেকে নীচে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। স্থানীয়েরা ইঞ্জিনিয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেহরাদূনে।

Advertisement

পুলিশ জানিয়েছে, আক্রান্ত ওই যুবকের নাম আকাশ কুমার। তিনি সহস্ত্রধারা ক্রসিংয়ের কাছে অপেক্ষা করছিলেন। রাত তখন ২টো। সেই সময় সেখানে দুই দুষ্কৃতী বাইকে করে আসে। অভিযোগ, আকাশকে জোর করে তুলে নিয়ে যায় যমুনওয়ালা সেতুর কাছে। প্রথমে তাঁকে মারধর করা হয়। তার পর তাঁর দু’টি ফোন এবং টাকাপয়সা কেড়ে নেওয়া হয়। আকাশ বাধা দিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তার পর আচমকা আকাশকে দু’জনে মিলে ধরে সেতু থেকে নীচে ফেলে দেয়।

সারারাত ধরে আহত অবস্থায় সেতুর নীচে পড়ে থাকেন আকাশ। সকালে স্থানীয় এক ব্যক্তি তাঁকে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে ডেকে আকাশকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ জানিয়েছে, আকাশের শিরদাঁড়ায় মারাত্মক চোট লেগেছে। অস্ত্রোপচার করতে হয়েছে। তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক।

Advertisement

জানা গিয়েছে, দেহরাদূনে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন আকাশ। প্রতি দিনই কাজ শেষে মাঝরাতে বাড়ি ফেরেন। শুক্রবার অ্যাপবাইকের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় দুই দুষ্কৃতী এসে তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধরের পর সেতু থেকে ছুড়ে ফেলে দেয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement