Yusuf Pathan's in-law arrest

লোক পিটিয়ে গ্রেফতার ইউসুফ পঠানের শ্বশুর, শ্যালক! রাস্তায় মারপিট প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদের আত্মীয়দের

ইউসুফ পঠানের শ্বশুর এবং শ্যালক ছাড়াও আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। জানা গিয়েছে, রাস্তায় একটা বচসা থেকে হাতাহাতি হয় দুই পক্ষের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১২:৩৯
Share:

ইউসুফ পঠান। —ফাইল চিত্র।

মুম্বইয়ে গ্রেফতার বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পঠানের শ্বশুর এবং শ্যালক। অভিযোগ, রাস্তায় একটি গন্ডগোলের সময় এক ব্যক্তিকে বাঁশ দিয়ে মারধর করেন তাঁরা।

Advertisement

মঙ্গলবার মহারাষ্ট্র পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শনিবার, মুম্বইয়ের বাইকুল্লা এলাকায়। বছর ত্রিশের ইউসুফ খান নামে এক স্থানীয় যুবক গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর গাড়ির চাকা পড়ে খানাখন্দে জমা জলে। সেই জল ছিটকে লাগে পথচারী শোয়েব খানের গায়ে। ৩৫ বছরের ওই যুবক ইউসুফ পঠানের আত্মীয়। সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত।

গাড়িচালক যুবকের দাবি, তিনি গাড়ি থেকে নেমে মাফ চেয়ে নেন শোয়েবের কাছে। কিন্তু তিনি উল্টে গালাগালি শুরু করেন। তার পর বাঁশের ডান্ডা নিয়ে এসে তাঁর গাড়ি ভাঙচুর করতে যান। বাধা দিলে তাঁকেও পেটান এবং গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দিয়ে যান।

Advertisement

বাড়ি ফিরে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে থানায় যান ইউসুফ নামে মুম্বইয়ের ওই যুবক। কিন্তু থানায় যেতে গিয়ে আবার এক দফা গন্ডগোল হয় বলে অভিযোগ। সেই সময়ে পঠানের শ্বশুর খালিদ খান ওরফে মকলিকও বচসায় জড়ান। পুলিশের কাছে আক্রান্তের অভিযোগ, ওই সময় পঠানের শ্বশুর খালিদ এবং শ্যালক উমরশাদ খানেরা তাঁদের সঙ্গে অশান্তি করেন। গায়েও হাত তোলেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বাঁশের লাঠি, বেসবল ব্যাট নিয়ে পেটানো হয় বলে অভিযোগ। গাড়িচালকের ভাই সলমন জখম হন। তাঁর কাকাও আহত হয়েছেন। এর পরই ইউসুফের শ্বশুর, শ্যালক-সহ তিন আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১১৮ (২), ১১৫ (২), ৩২৪, ৩৫২, ৩৫১ (২) এবং ৩ (৫) ধারায় মামলা রুজু হয়েছে। আদালতে হাজির করানো হলে বিচারক তিন জনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement