News Of The Day

বাংলাদেশে ভোট-প্রস্তুতি। সংসদে বাজেট অধিবেশন। বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু। আর কী কী নজরে

বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু, টি২০ বিশ্বকাপের খবর, কলকাতার তাপমাত্রা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। একই সঙ্গে সে দেশে সংস্কার সংক্রান্ত বিষয়েও জনতার মতামত নিতে গণভোট হবে। ভোটকেন্দ্রগুলিতে একই সঙ্গে দু'টি ভোট‌ দেবেন বাংলাদেশি জনতা। বস্তুত, শেখ হাসিনার সরকারের পতনের পরে এই প্রথম ভোট হচ্ছে সে দেশে। এ বারের নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। মূলত বিএনপি-র জোট বনাম জামায়াতের জোট— এই দুইয়ের মধ্যেই নির্বাচনী লড়াই হবে। বাংলাদেশের নির্বাচনের আগে সে দেশে কী পরিস্থিতি রয়েছে, সে দিকে নজর থাকবে আজ।

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে নোটিস দিয়েছে বিরোধীরা। কংগ্রেসের মুখ্য সচেতকের জমা দেওয়া নোটিস লোকসভার সেক্রেটারি জেনারেলকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। শোনা যাচ্ছে, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিবেশনে যোগ দেবেন না স্পিকার ওম বিড়লা। এই প্রেক্ষাপটে আজ সংসদের অধিবেশনের দিকে নজর থাকবে।

Advertisement

গত বছর ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর আজ সেই প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হতে চলেছে। মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের আগে ৪ ডিসেম্বর হুমায়ুনকে সাসপেন্ড করে তৃণমূল। এর পর ২২ ডিসেম্বর জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলের সূচনা করেন তিনি। ইতিমধ্যে মিমের সঙ্গে জোট করে ভোটে লড়াই করার প্রস্তুতি শুরু করেছেন ভরতপুরের বিধায়ক। সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ শুরু হয়েছে। সেই সময়ে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করে নিজের আগামী পদক্ষেপ নিশ্চিত করতে চান হুমায়ুন।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথমে খেলব না বলেও শেষ পর্যন্ত এই ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। রবিবার কলম্বোয় নির্ধারিত সূচি মেনেই হবে এই ম্যাচ। মহারণের আগে ভারতের একটি ম্যাচ রয়েছে নামিবিয়ার বিরুদ্ধে। কাল ভারত-নামিবিয়া খেলা। তার আগে সূর্যকুমার যদবদের দলের খবর। রবিবারের ম্যাচের আগে পাকিস্তানের আর কোনও খেলা নেই। থাকছে দুই দলের প্রস্তুতির খবর।

দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভোরবেলা থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা নামতে পারে। রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত।

বিশ্বকাপে আজও তিনটি ম্যাচ। আজ প্রথম নামছে অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে আয়ারল্যান্ড। কলম্বোয় এই ম্যাচ বিকেল ৩টে থেকে। তার আগে সকাল ১১টা থেকে রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচ। সবশেষে সন্ধ্যা ৭টা থেকে লড়াই ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়ের। তিনটি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ মাধ্যমিকের নিয়মিত পরীক্ষার শেষ দিন। পরীক্ষা রয়েছে জীবনবিজ্ঞানের। পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কোনও অভিযোগ না উঠলেও এ বছর বিভিন্ন জেলায় মোবাইলের মাধ্যমে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করে মঙ্গলবার পর্যন্ত পরীক্ষা বাতিল হয়েছে ৪৯ জন পরীক্ষার্থীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement