মোহনের দিদি এবং মা। ছবি: সংগৃহীত।
মা, দিদি এবং ভাইপোকে কোপানোর পর আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন বেঙ্গালুরুর এক যুবক। এই ঘটনায় যুবকের মা এবং দিদির মৃত্যু হলেও তিনি এবং তাঁর ভাইপো হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা সঙ্কটজনক।
পুলিশ জানিয়েছে, যুবকের নাম মোহন গৌড়া। মৃত্যু হয়েছে তাঁর মা আশা (৫৫) এবং দিদি বরিষ্ঠার (৩৪)। গুরুতর জখম মোহন এবং তাঁর ভাগ্নে ময়ঙ্ক। তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনার আগে চার জন মিলে একটি ভিডিয়ো করেন। কী কারণে তাঁরা এই চরম পদক্ষেপ করতে চলেছেন তা রেকর্ড করে আত্মীয়দের কাছে পাঠিয়ে দেন। তার পরই আত্মহত্যার চেষ্টা করেন।
মোহনদের এক আত্মীয় জানিয়েছেন, তাঁদের কাছে ভিডিয়ো পৌঁছোতেই দ্রুত ওই বাড়িতে আসেন। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পিছনের দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢোকেন তাঁরা। তখন একটি ঘরে রক্তাক্ত অবস্থায় চার জনকে দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। বেঙ্গালুরু (গ্রামীণ) পুলিশ সুপার চন্দ্রকান্ত এমভি। জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঋণে জর্জরিত ছিল পরিবারটি। প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল মোহনের। চিটফান্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিলেন। কিন্তু ক্রমে দেনার বোঝা বাড়তে থাকায় তা মেটাতে ব্যর্থ হন। শেষে চরম পদক্ষেপের সিদ্ধান্ত নেয় গোটা পরিবার।