শিবরাজ সিংহ চৌহান। —ফাইল চিত্র।
দেশীয় কৃষকদের স্বার্থ সুরক্ষিত করেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি করা হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁর কথায়, চুক্তিটি যাতে কৃষি ও কৃষকের স্বার্থকে সম্পূর্ণ রক্ষা করতে পারে, তার জন্য মূল কৃষিপণ্যগুলিকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় কৃষকদের ক্ষতি হতে পারে এমন কোনও পণ্য অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ মোদী সরকারের কাছে দেশ ও কৃষকদের স্বার্থ সবার আগে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে সে দেশের সঙ্গে আপস করে চুক্তি করতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী, এই দাবিতে সরব রয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীদের অভিযোগ, অতীতে যেখানে ভারতকে তিন শতাংশ শুল্ক দিতে হত, নতুন নিয়মে আমেরিকায় পাঠানো পণ্যে ১৮ শতাংশ শুল্ক দিতে হবে। কংগ্রেসের মতে, এ হল আমেরিকার কাছে নরেন্দ্র মোদীর আত্মসমর্পণ। আজ কংগ্রেসের সেই অভিযোগ উড়িয়ে দিয়ে শিবরাজ বলেন, “দেশের স্বার্থ সুরক্ষিত রেখেই ওই চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে কৃষকদের সামান্যতম ক্ষতিও হবে না।” চৌহানের অভিযোগ, বছরের পর বছর কংগ্রেস দেশ শাসন করলেও, দেশীয় কৃষকদের বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। অন্য দিকে নরেন্দ্র মোদী সরকারের ওই চুক্তি কৃষকদের জীবিকা রক্ষা করার পাশাপাশি ভারতীয় কৃষি পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেবে।”
কংগ্রেসের অভিযোগ, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে আমেরিকা ভারতকে তাদের পণ্যের ‘ডাম্পিং গ্রাউন্ডে’ পরিণত করবে। এর ফলে কেবল কৃষকেরাই নয়, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের নাভিশ্বাস উঠতে চলেছে বলে দাবি করেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। যার জবাবে আজ শিবরাজ বলেছেন যে, “যে সমস্ত কৃষিপণ্য ভারতীয় সমাজের ভিত্তি, সেগুলি চুক্তি থেকে বাইরে রাখা হয়েছে। এর ফলে ভারতের কৃষির স্বাতন্ত্র্য রক্ষা হবে।”
শিবরাজ দাবি করেছেন, পোলট্রি, মাংস, সোয়াবিন, ভুট্টা, চিনি, কলা, স্ট্রবেরি, মুগ ডালের মতো পণ্যে কোনও ধরনের শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না। তরল ও ঘন দুধ, ক্রিম, ইয়োগার্ট, বাটার মিল্ক, গোলমরিচেও কোনও ছাড় দেওয়া হচ্ছে না।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে