Karnataka Social Media Ban

১৬ বছরের নীচে সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করছে কর্নাটক! ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার, আর কোন রাজ্য একই পথে

এই মুহূর্তে ভারতের কোনও রাজ্যেই সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সের বাধা নেই। তবে কর্নাটকের পাশাপাশি আরও দুটি রাজ্য এই পথে হাঁটতে পারে। ভাবনাচিন্তা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৩:৩৪
Share:

শিশুদের জন্য সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনার ঘোষণা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দেশের আরও এক রাজ্য শিশুদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে এই কথা জানিয়েছেন। শীঘ্রই ওই রাজ্যে ১৬ বছরের কমবয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হয়ে যাবে। শিশুদের উপর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের প্রভাব কমাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সিদ্দারামাইয়া।

Advertisement

অতিরিক্ত মোবাইল আসক্তি শিশু-কিশোরদের উপর বিরূপ প্রভাব ফেলছে। মনোবিদেরাও তা নিয়ে উদ্বিগ্ন। তাঁরা জানাচ্ছেন, ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে শিশুদের মধ্যে পড়াশোনায় মনোযোগী হওয়ার প্রবণতা কমছে। তাদের আচরণ বদলে যাচ্ছে এবং বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিচ্ছে। কর্নাটক সরকার মনে করে, এটা অত্যন্ত গুরুতর একটি সামাজিক সমস্যা। মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহারই শিশু ও কিশোরদের মধ্যে সমাজমাধ্যমের আসক্তি তৈরি করেছে। এতে নানা ক্ষতিকর বিষয়বস্তু তাদের সামনে আসছে এবং শৈশব, কৈশোর বদলে যাচ্ছে। সিদ্দারামাইয়া শুক্রবার বাজেট পেশ করার পর বলেছেন, ‘‘শিশুদের উপর অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিরূপ প্রভাব ঠেকাতে ১৬ বছরের কমবয়সি শিশুদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।’’

শিশুদের উপর সমাজমাধ্যম এবং মোবাইলের ক্ষতিকর প্রভাব নিয়ে গত রবিবার রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সিদ্দারামাইয়া। সরকারের পদক্ষেপ নিয়ে উপাচার্যদের মতামত শুনেছিলেন। তার পরেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। সূত্রের খবর, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের নিষেধাজ্ঞা কী ভাবে কার্যকর করা যায়, তা মূল্যায়নের জন্য উপাচার্যদের থেকে মতামত চেয়েছে সরকার। শুক্রবার রাজ্য বাজেটে ৪ লক্ষ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন সিদ্দারামাইয়া।

Advertisement

এই মুহূর্তে ভারতের কোনও রাজ্যেই সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সের বাধা নেই। তবে কর্নাটকের পাশাপাশি গোয়া এবং অন্ধ্রপ্রদেশও একই পথে হাঁটতে পারে। সেখানকার সরকার এ বিষয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে। ১৬ বছরের কমবয়সিদের জন্য সেখানেও সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হতে পারে। কর্নাটক প্রথম তা সরকারি ভাবে ঘোষণা করে দিল। এমনকি, কেন্দ্রীয় সরকারেরও এ বিষয়ে ভাবনাচিন্তা রয়েছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বয়সভিত্তিক বিধিনিষেধ নিয়ে সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলির সঙ্গে আলোচনা চলছে। অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো কিছু দেশ এই নিয়ম চালু করে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement