MBA Student Missing

এমবিএ পড়ুয়া ববিতা কোথায়? উত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে নিখোঁজ, ছ’দিন কেটে গেলেও হদিস নেই, আটক তরুণীর ২ বন্ধু

উত্তরকাশীর পুলিশ সুপার কমলেশ উপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ববিতা এবং তাঁর দুই বন্ধু গত ২৫ মে প্রথমে দেহরাদূন গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৬:১৫
Share:

রইথলে শেষবার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিলেন এমবিএ পড়ুয়া ববিতা পান্ডে। ছবি: সংগৃহীত।

নিখোঁজ হওয়ার পর ছ’দিন পেরিয়ে গেলেও এখনও হদিস মিলল না উত্তরাখণ্ডের নৈনিতালের এমবিএ পড়ুয়া ববিতা পাণ্ডের। বছর চব্বিশের ববিতা বন্ধুদের সঙ্গে গত ৩০ মে উত্তরকাশীর দায়ারা বুগিয়ালে ট্রেকিংয়ে গিয়েছিলেন। দুই বন্ধু ফিরে এলেও ববিতা না ফেরায় তাঁর পরিবার নিখোঁজ ডায়েরি করে। দুই বন্ধু হরমনপাল সিংহ এবং হরমনপ্রীত সিংহের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে একটি অভিযোগও দায়ের করেছে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

উত্তরকাশীর পুলিশ সুপার কমলেশ উপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ববিতা এবং তাঁর দুই বন্ধু গত ২৫ মে প্রথমে দেহরাদূন গিয়েছিলেন। সেখান থেকে পরে হর্ষিল, গঙ্গোত্রী এবং কাছাকাছি পর্যটনস্থলগুলি ঘুরে দেখেন। তার পর ২৮ মে তাঁরা তিন জনে মিলে রইথল গ্রামে গিয়েছিলেন। সেখানে থাকেন। সিসিটিভি ফুটেজে শেষ বার রইথলেই দেখা গিয়েছিল ববিতাদের।

তার পর রইথল থেকে পরের দিন ট্রেকিং শুরু করেন। গোই বেসক্যাম্পে রাত কাটান। ৩০ মে মাঝরাত থেকে ববিতার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর খোঁজে ১৫০ জনের একটি দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। ওই দলে রয়েছেন আইটিবিপি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং বন দফতরের কর্মীরা। তল্লাশিতে নিয়ে যাওয়া হয়েছে স্নিফার ডগ, ড্রোন। গোই বেসক্যাম্পের আশপাশের হ্রদগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু তদন্তকারীদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ৩০ মে রাতে এমন কী ঘটেছিল যে ববিতা উধাও হয়ে গেলেন? তাঁর দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement