স্বাধীনতা দিবসে উল্টো পতাকা উত্তোলন করলেন পঞ্জাবের তথ্য ও জনসংযোগ মন্ত্রী বিক্রম সিংহ মাজিথিয়া। শনিবার অমৃতসরে একটি অনুষ্ঠান চলাকালীন এমন কাণ্ড ঘটিয়েছেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিক্রম সিংহ। সূত্রের খবর, উল্টো পতাকা উত্তোলন করার ব্যাপারটি প্রথমেই মন্ত্রীর নজরে আসেনি। বক্তৃতা দেওয়ার পর নিজের আসনে ফিরে গিয়ে ভুলটা চোখে পড়ে তাঁর। সঙ্গে সঙ্গেই মঞ্চে উপস্থিত প্রশাসনিক কর্তাদের ভুল শোধরানোর নির্দেশ দেন তিনি। প্রাথমিক তদন্তের পর ইন্সপেক্টর গুরমুখ সিংহ এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গুরিন্দর সিংহকে সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে।