খুঁটিতে প্রার্থী জঙ্গি কুন্দনের ভাই

তিনি বহু দিন ধরেই ফেরার। সরকার তাঁর মাথার দাম ধার্য করেছে দশ লক্ষ টাকা। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হুলিয়া জারি রয়েছে। তা সত্ত্বেও লোকসভা নির্বাচনের আগে পরোক্ষ ভাবে খবরে চলে এল মাওবাদী নেতা কুন্দন পাহানের নাম। মূলত তাঁর খাস তালুক বলে পরিচিত খুঁটি লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কুন্দনের তুতো ভাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৪ ০৩:৩৪
Share:

তিনি বহু দিন ধরেই ফেরার। সরকার তাঁর মাথার দাম ধার্য করেছে দশ লক্ষ টাকা। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হুলিয়া জারি রয়েছে। তা সত্ত্বেও লোকসভা নির্বাচনের আগে পরোক্ষ ভাবে খবরে চলে এল মাওবাদী নেতা কুন্দন পাহানের নাম। মূলত তাঁর খাস তালুক বলে পরিচিত খুঁটি লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কুন্দনের তুতো ভাই। যে ঘটনাকে কুন্দনেরই চাল বলে ধরে নিচ্ছে পুলিশ ও রাজনৈতিক মহল।

Advertisement

খুঁটি কেন্দ্রের জন্য আজ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মহাদেব রবিনাথ পাহান নামে উনত্রিশ বছরের এক যুবক। তিনি নিজেও স্বীকার করেছেন, কুন্দন পাহান তাঁর আত্মীয়। তিনি কুন্দনের তুতো ভাই। যদিও কুন্দনের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলেই দাবি মহাদেবের। খুঁটির আরকি থানা এলাকার বারিগরার মূল বাসিন্দা মহাদেব। তবে তিনি এখানে থাকতেন না। পরিবারের সঙ্গে বোকারোয় থাকতেন। ফলে প্রশ্ন উঠেছে ঠিক নির্বাচনের আগে কেন হঠাৎ তিনি বারিগরায় ফিরলেন। আর কেনই বা নির্বাচনে লড়ার জন্য খুঁটিকেই বেছে নিলেন।

স্থানীয় মানুষ জানাচ্ছেন, খুঁটির জঙ্গল বরাবরই কুন্দনের সাম্রাজ্য। খুঁটির বুণ্ডু, তামার, চাণ্ডিল, আরকি-র মতো প্রত্যন্ত এলাকার জঙ্গলে পুলিশের উপরে একাধিকবার আক্রমণ চালিয়েছেন কুন্দন। ওই সব এলাকায় মাওবাদীদের সাব-জোনাল কম্যান্ডার ছিলেন কুন্দন। খুন, ডাকাতির একাধিক মামলা রয়েছে কুন্দনের বিরুদ্ধে। পুলিশের নাগালের বাইরে থেকেও খুঁটির জঙ্গল এলাকায় আজও নিজের সাম্রাজ্য অবিকৃত রেখেছেন তিনি। কোনও কোনও মহলের খবর, গুলি লেগে তাঁর একটি পা ক্ষতিগ্রস্থ হয়। তার পর থেকেই কুন্দন সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত হন না। দলের লোকজনকে দিয়েই তিনি এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন।

Advertisement

লোকসভার কয়েক মাসের মধ্যেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের ধারণা, আরকির বাসিন্দা মহাদেবকে বোকারো থেকে খুঁটিতে টেনে এনে নির্বাচনে দাঁড় করাচ্ছেন কুন্দনই।

কারণ এখন থেকেই নিজের তুতো ভাইয়ের মাধ্যমে খুঁটি, আরকির গ্রামগুলিতে নিজের জমি শক্ত করতে চান এই মাওবাদী নেতা। ভাইয়ের মারফৎ প্রচ্ছন্নভাবে পৌঁছতে চান ওই সব এলাকার মানুষের ঘরে ঘরে। মহাদেব অবশ্য তাঁর ভাই, জঙ্গি নেতা কুন্দন পাহানের প্রসঙ্গে কিছুই বলতে চাননি। কুন্দনের নাম না করে তিনি বলেন, “উনি ওঁর কাজ করেন। আমি আমার কাজ করতে এসেছি। গ্রামের যুবকদের হাতে কাজ নেই। আমি তাঁদের পাশে দাঁড়াতে চাই। তাই নির্বাচনে লড়ছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement