ত্রিপুরায় সঙ্ঘের শক্তি বৃদ্ধি, উদ্বিগ্ন সিপিএম

রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অগ্রগতিকে সিপিএম আর ছোট করে দেখতে রাজি নয়। ত্রিপুরায় সঙ্ঘ তথা বিজেপির ‘অগ্রগতি’কে আরও গুরুত্ব দিয়ে ‘রাজনৈতিক মোকাবিলার’ সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। গত কাল দলের রাজ্য কমিটির বৈঠকে এ সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে রাজ্য সম্পাদক বিজন ধর আজ সাংবাদিকদের জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০২:৪৭
Share:

রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অগ্রগতিকে সিপিএম আর ছোট করে দেখতে রাজি নয়। ত্রিপুরায় সঙ্ঘ তথা বিজেপির ‘অগ্রগতি’কে আরও গুরুত্ব দিয়ে ‘রাজনৈতিক মোকাবিলার’ সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। গত কাল দলের রাজ্য কমিটির বৈঠকে এ সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে রাজ্য সম্পাদক বিজন ধর আজ সাংবাদিকদের জানান।

Advertisement

ত্রিপুরার সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপির ফলাফল এবং কংগ্রেসের ভরাডুবি সিপিএমকে যে চিন্তায় ফেলেছে, তা পরোক্ষে স্বীকার করছে সিপিএম নেতৃত্ব। উল্লেখ্য, প্রতাপগড় ও সুরমা উপনির্বাচনে সিপিএম প্রার্থীরা জিতলেও দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। কংগ্রেস নেমে গিয়েছে তিন নম্বরে। শুধু তিন নম্বরে নামাই নয়, দু’জায়গাতেই কংগ্রেস প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিজনবাবুর ব্যাখ্যা, ‘‘গত ২০-২৫ বছরের ইতিহাসে কংগ্রেসের ধর্মনিরেপক্ষতার রাজনীতির ইতিহাস থাকলেও, জাতীয় স্তরে কংগ্রেস নেতাদের একাংশের মধ্যে দুর্নীতি যে ভাবে মাথাচাড়া দিচ্ছে তাতে দেশের সঙ্গে রাজ্যের মানুষও আর কংগ্রেসের উপর ভরসা করতে পারছে না। কংগ্রেসের ভোট চলে যাচ্ছে বিজেপিতে।’’ বিজনবাবুর মতে, ‘‘এটা আরও ভয়ানক।’’ তিনি বলেন, ‘‘রাজ্যের শান্তি ও সুস্থিতির পক্ষে ক্ষতিকারক সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করছে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক। বহু কংগ্রেস সমর্থক ও কর্মী বিজেপি’র মতো দলে চলে যাচ্ছেন।’’

এই পরিস্থিতির মোকাবিলায় সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বাম-গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সিপিএমের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি জানান। পার্টি কংগ্রেসে ইতিমধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের রাজ্য নেতৃত্ব ত্রিপুরাতেও সেই পথ ধরেই রাজনৈতিক কর্মসূচি আরও জোরদার করছে। গত বছরের তুলনায় এ রাজ্যে সিপিএমের দলীয় সভ্যর সংখ্যা ২.১৪ শতাংশ বেড়েছে। মহিলা সভ্যর সংখ্যাও বেড়েছে বলে বিজননবাবুর দাবি। কিন্তু এটাও স্বীকার করেন, ৪.৫৮ শতাংশ সিপিএম সভ্য বিভিন্ন কারণে দলীয় সভ্যপদ নবীকরণ করাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement