ত্রিপুরার আখাউড়া দিয়ে বাংলাদেশের সঙ্গে সাবমেরিন কেবল লাইনের যোগাযোগ স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে গোটা উত্তর-পূর্ব ভারতে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়ে এ বিষয়ে দুই দেশ চুক্তি স্বাক্ষর করেছিল। তার পরে কয়েক মাসের মধ্যে বিষয়টি বাস্তবায়ন করা হল। বিএসএনএল-এর কর্তা উৎপল গোয়ালা জানিয়েছেন, ভারতীয় কেবলটিকে বাংলাদেশ সীমান্তের ২০০ মিটার ভেতরে নিয়ে গিয়ে ও দেশের সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই সীমান্ত থেকে আগরতলা টেলিফোন এক্সচেঞ্জ পর্যন্ত অপটিকাল ফাইবার লাইন পাতার কাজ শেষ হবে। তার পরেই ধাপে ধাপে উন্নত ইন্টারনেট সংযোগের সুবিধা পাবে এই অঞ্চলের সব ক’টি রাজ্য।