ছবি: সংগৃহীত।
জামাকাপড়, অলঙ্কার আর মেকআপ ছাড়াও সাজগোজের এমন অনেক জিনিস রয়েছে, যা শুধু স্টাইল নয়, সারা দিন ধরে স্বচ্ছন্দে থাকার নানা সুবিধাও করে দেয়। যেমন জুতো, ব্যাগ ইত্যাদি। তেমনই কিছু সাজের অনুষঙ্গ গরমে হতে পারে পরম বন্ধু।
ওয়াইড ব্রিম হ্যাট
চওড়া বেড় দেওয়া টুপি। সেই বেড় এতটাই ছড়ানো যে, খানিক ছাতার মতোই ছায়া দেয় শরীরকে। সৈকতের চড়া রোদ থেকে বাঁচতে এই ধরনের টুপির ব্যবহার হয়। তবে গরমে শহরে কিংবা গ্রামে বেড়াতে বেড়োলেও ওই টুপি দুপুর রোদে হতে পারে আপনার রক্ষক।
হালকা স্কার্ফ
পাতলা সুতি বা যে কোনও হালকা কাপড়ের স্কার্ফে মাথা ঢাকা বিদেশেরও কেতাদুরস্ত ফ্যাশন। গরমে তেমনই রঙিন বা সুন্দর প্রিন্টের স্কার্ফে মাথা ঢেকে নিলে চুল যেমন রোদের হাত থেকে বাঁচবে, তেমনই দেখতেও ভাল লাগবে।
ইউভি আমব্রেলা
ইদানীং সূর্যের অতিবেগনি রশ্মি থেকে বাঁচতে তৈরি হচ্ছে ইউভি আমব্রেলা। সেই সব ছাতা দেখতেও বেশ সুন্দর গরমে রাস্তায় বেরোলে তেমন একটি সুন্দর ছাতা সঙ্গে রাখুন।
আর্ম স্লিভস
আঙুল থেকে বাহুর উপরের অংশের অর্ধেকটা পর্যন্ত ঢাকা থাকে, এমন দস্তানা। তবে এই ধরনের আর্ম স্লিভসের আঙুলগুলি দস্তানায় ঢাকা থাকে না। এই ধরনের আর্ম স্লিভস ব্যবহার করা হয় রোদে যাতে হাতের ত্বক জ্বলে না যায়, তা নিশ্চিত করার জন্য। হালকা স্ট্রেচেবল কাপড়ে তৈরি হওয়ায় দেখতে খারাপ লাগে না, আবার ভারীও লাগে না।
শ্রাগ
পাতলা সুতির ফুল হাতা শ্রাগ। স্প্যাগেটি, ট্যাঙ্ক টপ বা হালকা ক্রপ টপের উপর এমন একটি শ্রাগ চাপিয়ে নিলে তা যেমন ত্বককে রোদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে, আবার হাওয়া চলাচলা বাধা দেয় না। ঘামও হতে দেয় না।
ওভারসাইজ়ড সানগ্লাস
এমন রোদচশমা, যা শুধু চোখ ঢাকবে না। উপরের দিকে ভ্রু পর্যন্ত আর নীচের দিকে গালের বেশ খানিকটা ঢেকে দেবে। ফলে রোদে পুড়ে চোখের নীচের সংবেদনশীল অংশ কালচে হয়ে যাওয়ার সমস্যা থেক বাঁচা যায়। দেখতেও ভাল লাগে।
ভাইজ়রস
যাঁদের টুপিতে আপত্তি, চুল ঢাকতে চান না অথচ কপালে মুখে রোদ পড়লেও অসুবিধা, তাঁদের জন্য রয়েছে ভাইজ়রস। এটি চুলের স্টাইলিং, যেমন পনিটেল, খোঁপা বা খোলা চুলেও ভাল লাগবে।