Haircut Ideas for women

গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে, কার জন্য কোনটি মানানসই?

চুল যতই পাতলা হোক, যদি ছাঁট সঠিক হয়, তা হলে অনেক বেশি ঘন, ঢেউ খেলানো ও সুন্দর দেখাবে। গরমের সময়ে যদি চুল ছোট করে ছাঁটতে হয়, তা হলে মুখের গড়ন অনুযায়ী তা বেছে নিতে হবে। কোন মুখে কেমন চুলের ছাঁট মানানসই?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৭:৩৯
Share:

মুখের গড়ন বুঝে বেছে নিন চুলের ছাঁট, রইল তার হদিস। ফাইল চিত্র।

প্রচণ্ড গরমে বড় চুল সামলানো সত্যিই ঝক্কির। ঘাম, ধুলোবালি আর জট পড়ার ভয়ে অনেকেই এই সময় চুল ছোট করে কেটে ফেলার সিদ্ধান্ত নেন। কিন্তু চুল কাটার আগে যে প্রশ্নটা মাথায় আসে, তা হল— চুলের ছাঁট ঠিক কেমন হলে মুখের গড়নের সঙ্গে সুন্দর মানিয়ে যাবে। তারকাদের দেখাদেখি কেশসজ্জা করা যেতেই পারেন, তবে তা মানানসই না হলে দেখতে ভাল লাগবে না। তাই মুখের অবয়ব অনুযায়ী কার জন্য কেমন চুলের ছাঁট আকর্ষণীয় হবে, তা জেনে নিন।

Advertisement

ডিম্বাকৃতি মুখে টেক্সচার্ড পিক্সি বব

পিক্সি বব

ডিম্বাকৃতি মুখে পিক্সি বব চুলের ছাঁট বেশ লাগবে। সাজগোজের জগতে চুলের ট্রেন্ডে চিরকালই মধ্যমণি পিক্সি কাট। তবে একেবারে ছোট হেয়ারকাটের চেয়ে ভারী এবং অল্প লম্বা চুলে পিক্সি বেশি মানাতে পারে। এতে মাথার পিছনের ও পাশের চুল বেশ ছোট করে ছাঁটা হয়, কিন্তু সামনের দিকে এবং মাথার উপরিভাগের চুলের দৈর্ঘ্য একটু বেশি থাকে।

Advertisement

গোলাকার মুখে অ্যাসিমেট্রিক্যাল লোব

অ্যাসিমেট্রিক্যাল লোব

গোলপানা মুখ হলে চুলের ছাঁট এমন হতে হবে, যাতে মুখ লম্বাটে দেখায় ও গালের মেদ কম মনে হয়। এ জন্য অ্যাসিমেট্রিক্যাল লোব বেছে নেওয়া যেতে পারে। এতে ঘাড়ের কাছের চুল কিছুটা ছোট থাকে, কিন্তু সামনের দিকের চুল প্রায় কাঁধ অবধি নেমে আসে। এক পাশের চুলের দৈর্ঘ্য অন্য পাশের চেয়ে একটু বেশি বড় ও কোণাকুণি রাখা হয়। এতই মুখের গড়ন লম্বাটে বা ডিম্বাকার দেখায়।

চৌকো মুখে শ্যাগি বব

শ্যাগি বব

চৌকো মুখের চোয়াল খুব চওড়া হয়। তাই এমন ছাঁট দরকার, যা মুখের গড়নে হালকা ডিম্বাকার ভাব আনতে পারে। শ্যাগি বব ছাঁটে চুল ঘাড়ের কাছাকাছি সমান করে কেটে, দু’পাশে হালকা লেয়ার নিয়ে আসা হয়। ফলে মুখের উপর চুলের একাধিক স্তর তৈরি হয়। এমন হেয়ারকাটে চুল অবিন্যস্ত হলেও চিন্তা নেই। কারণ, দেখতে তেমনই লাগে।

পানপাতার মতো মুখে লেয়ার্ড বব

এই ধরনের মুখের কপাল চওড়া হয় এবং চিবুক বা থুতনির দিকটা ক্রমশ সরু হয়ে আসে। এই ধরনের মুখের গড়নে লেয়ার্ড বব খুব ভাল মানাতে পারে। চুল কানের থেকে এক ইঞ্চি নীচে রেখে কাটা হয়। চুলের নীচের অংশে হালকা লেয়ার দেওয়া হয়, বাইরের দিকটাতে কার্ল থাকে। এই ধরনের ছাঁটে চুলের ঘনত্বও বেশি দেখায়।

লম্বাটে মুখে ব্লান্ট বব

ফ্রেঞ্চ বব।

কোনও স্তরে ভাগ না করে সোজাসুজি কাটা হয় চুল। এতে চুল অনেক বেশি ঘন ও প্রশস্ত দেখায়। সোজা চুলে এই কাট বেশি ভাল দেখায়। তবে চুল কোঁকড়া বা ঢেউ খেলানো হলেও অসুবিধে নেই। মুখের গড়ন লম্বাটে বা ডিম্বাকৃতি হলে, ব্লান্ট বব বেশ মানিয়ে যাবে। লম্বাটে মুখে ফ্রেঞ্চ ববও ভাল মানাবে। এতে কানের কিছুটা উপর অবধি চুল সমান করে কেটে ফেলা হয়। সামনের দিকের চুল ছোট করে ছাঁটা হয় এবং কপালের উপর অবিন্যস্ত অবস্থায় থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement