Side Effects of Laser treatment

লেজ়ার থেরাপির পরেও গালে-গলায় রোমের আধিক্য! যন্ত্রণাদায়ক র‌্যাশ! কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?

লেজ়ার থেরাপিতে ঘন ঘন মুখ ও শরীরের অন্য অংশের রোম তোলেন? এর পার্শ্বপ্রতিক্রিয়াও কিন্তু আছে। না জেনে অত্যধিক ব্যবহারে কী কী ক্ষতি হতে পারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২
Share:

লেজ়ার থেরাপির পরে গালে, গলায় রোমের আধিক্য, কী এই রোগ? ছবি: ফ্রিপিক।

তারকাদের মতো রোমহীন, মসৃণ, চকচকে ত্বক পেতে এখন লেজ়ার থেরাপি করানোর হিড়িক পড়ে গিয়েছে। কমবয়সিরা তো বটেই, মধ্যবয়সিরাও পিছিয়ে নেই। ওয়াক্সিং, থ্রেডিং, শেভিং— মুখের অবাঞ্ছিত রোম তুলতে যন্ত্রণাদায়ক পদ্ধতির তুলনায় লেজ়ারই বেছে নিচ্ছেন অনেকে। ধারণা, লেজ়ার থেরাপিতে ত্বক অনেক বেশি মসৃণ থাকে, নতুন করে আর রোম গজায় না। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, লেজ়ার থেরাপিতে ঘন ঘন মুখের রোম তুললে কী কী ক্ষতি হতে পারে।

Advertisement

লেজ়ার থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া

লেজার থেরাপির একটি যন্ত্রণাদায়ক পার্শ্বপ্রতিক্রিয়া হল প্যারাডক্সিয়াল হাইপারট্রিকোসিস। সাধারণত লেজ়ার করানো হয় অবাঞ্ছিত রোম থেকে রেহাই পাওয়ার জন্য। তবে কিছু ক্ষেত্রে উল্টো ফলও হয়। এই থেরাপি অত্যধিক করালে মুখে রোমের আধিক্য হয়। এত বেশি রোম গজাতে শুরু করে, যা থেকে ত্বকে জ্বালা, র‌্যাশ দেখা দেয়। একে বলে প্যারাডক্সিয়াল হাইপারট্রিকোসিস। সাধারণত, লেজ়ার ব্যবহারের সময়ে যদি তা অভিজ্ঞ হাতে না হয় এবং তাপমাত্রার নিয়ন্ত্রণ না থাকে, তা হলে রোমের গোড়ায় প্রদাহ হয়। থুতনি, গালে ও গলার কাছে আরও বেশি রোম গজাতে শুরু করে। পিসিওএস (পলিসিস্টিক ওভারি সিনড্রোম) যাঁদের আছে বা যাঁরা হরমোনের থেরাপি করান, তাঁদের ক্ষেত্রে লেজ়ার বেশি করালে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

Advertisement

লেজ়ার থেরাপির পরে আরও একটি সমস্যা হতে পারে যার নাম ‘ফলিকুলাইটিস’। লেজ়ার রশ্মিতে রোমের গোড়া পুড়ে গিয়ে সেখানে মারাত্মক প্রদাহ হতে পারে। ফলে সে জায়গা থেকে পুঁজ বার হতে পারে।

বার বার উচ্চতাপ প্রয়োগের ফলে মুখের সূক্ষ্ম কোষগুলির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। ফলে অকাল বার্ধক্য দেখা দিতে পারে।

লেজ়ারের তাপে ত্বকের মেলানিন নষ্ট হতে পারে। ফলে মুখে সাদা বা কালচে ছোপ দেখা দিতে পারে।

লেজ়ার ট্রিটমেন্ট ঠিকমতো না হলে, ত্বকের উপরের স্তর পুড়ে যেতে পারে। ফলে আরও বেশি ব্রণ, র‌্যাশের সমস্যা দেখা দেবে। ত্বক বড় বড় ফোস্কায় ভরে যাবে।

থেরাপির পরে উন্মুক্ত রন্ধ্রের সমস্যা দেখা দিতে পারে। সেই জায়গাগুলিতে ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণও হতে পারে। যাঁদের হারপিস আগে হয়েছে বা কনট্যাক্ট ডার্মাটাইটিসের মতো চর্মরোগ হওয়ার প্রবণতা আছে, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া লেজ়ার থেরাপি করা ঠিক নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement