Skin Care Tips

রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক? এমন সমস্যা কেন হয়? জেনে নিন সমাধান

ত্বক ভাল রাখতে রূপচর্চা জরুরি। কিন্তু তার পরেও যদি ত্বকের নিজস্ব আভা না থাকে, মনখারাপই হওয়ার কথা। অনুজ্জ্বল ত্বকের নেপথ্যে আর কোন কারণ থাকতে পারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৪:২৬
Share:

ত্বকের যত্ন নেওয়ার কৌশল জানেন কি? ছবি: শাটারস্টক।

নিয়ম করে কাজের শেষে ক্লিনজ়িং করেন শ্রেয়া। মুখে ক্রিম মেখেই ঘুমোতে যান। একটি দিনও যায় না, যখন সানস্ক্রিন মাখেন না। তার পরেও ত্বকে কোনও জেল্লা নেই! এমন পরিস্থিতির সঙ্গে কি নিজের অভিজ্ঞতা মিলে যাচ্ছে?

Advertisement

অনুজ্জ্বল ত্বকের সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম। কারও মুখে থাকে কালচে ছোপ। কারও আবার ত্বক দেখায় নিষ্প্রাণ, রুক্ষ। কারও মুখ থেকে যেন টানটান ভাবটাই উধাও হয়ে যায়। ত্বকের যে নিজস্ব আভা বা দীপ্তি থাকার কথা, সেটি থাকে না।

অনুজ্জ্বল ত্বকের নেপথ্য কারণ

Advertisement

ত্বকের জেল্লা হারানোর নেপথ্যে শুধু রূপচর্চার ভুলই নয়, কারণ থাকে নানাবিধ। সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি, ধুলো-ধোঁয়া দূষণ থেকে ত্বককে বাঁচাতে না পারা, জলের অভাব, পুষ্টির ঘাটতি, সঠিক প্রসাধনী বেছে না নেওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ— এই সব কিছুই হতে পারে অনুজ্জ্বল ত্বকের কারণ।

কোন বিষয়গুলিতে নজর জরুরি—

Advertisement

জলশূন্যতা: শরীরের জলশূন্যতার প্রভাব পড়ে ত্বকেও। আবার বাতানুকূল যন্ত্রচালিত ঘরে দীর্ঘ সময় থাকলে ত্বকের উপরিভাগ থেকে আর্দ্রতা হারাতে থাকে। ত্বক ভাল রাখার প্রাথমিক শর্তই হল আর্দ্রতা। আর্দ্রতার অভাব হলেই ত্বক রুক্ষ দেখাবে। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে যদি ত্বক রুক্ষ লাগে, বুঝতে হবে, আর্দ্রতার অভাব হচ্ছে। ময়েশ্চারাইজ়ার বা তৈলাক্ত বর্ম আর ত্বকের আর্দ্রতার মধ্যে তফাত আছে। আর্দ্রতা বজায় রাখার জন্য পর্যাপ্ত জল পান করা যেমন জরুরি তেমনই গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদান ব্যবহার করা যেতে পারে। কারণ, এগুলি ত্বকে জল ধরে রাখতে সাহায্য করে।

মৃত কোষ: ত্বক নিজে থেকে মৃত কোষ ঝরিয়ে ফেলে। তবে কখনও কখনও সেই কাজটি যথাযথ না হলে ত্বকে জেল্লা কমতে থাকে। বিশেষত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এমন অনেক সমস্যাই বেড়ে যায়।এ জন্য সপ্তাহে অন্তত ২-৩ দিন ত্বকের উপযোগী উপকরণ দিয়ে স্ক্রাব করা জরুরি। সাধারণত স্ক্রাবারে দানাদার উপাদান থাকে, যা ত্বকে হালকা করে মাসাজ করলে মৃত কোষ ঝরে গিয়ে ত্বক উজ্জ্বল হয়।

ভুল ত্বকচর্চা: ত্বকের যত্ন নিতে গিয়েও ভুল হতে পারে। ধাপে ধাপে রূপচর্চাও কখনও অতিরিক্ত হতে পারে। একের পর এক প্রসাধনী মাখলেই হয় না, প্রয়োজনটুকু বুঝে সঠিক জিনিসটি ব্যবহার করা জরুরি।

জীবনযাপন: দৈনন্দিন যাপনের সঙ্গে ত্বকের ভালমন্দ ওতপ্রোত ভাবে জড়িত। পর্যাপ্ত জল পান, ফল, শাকসব্জি খাওয়ার অভ্যাস ত্বক ভাল রাখতে সাহায্য করে। চিনিযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত ভাজাভুজি, ধূমপান, মদ্যপান— শরীর এবং ত্বকের জন্য ভাল নয়। কম ঘুম, মানসিক চাপ, পেটের অসুখ— এই সব কিছুতেই মুখচোখ শুকনো দেখায়।

শুধু রূপচর্চাই যথেষ্ট নয়, সঠিক খাদ্যাভ্যাস, ঘুম, শরীরচর্চা— সব কিছুই ভাল ত্বকের জন্য জরুরি। ত্বকের যত্ন নেওয়ার প্রতিটি কৌশলও জানতে হবে। ত্বকের উপযোগী পণ্য বাছাই আবশ্যক। সব শর্ত পূরণ করতে পারলে ত্বকের জেল্লা ফিরবেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement