Mohsin Naqvi

৩,০৬০ কোটির পাকিস্তান সুপার লিগ টপকে যাবে ১,৭৬,২০০ কোটির আইপিএলকে! দাবি মহসিন নকভির

নতুন দাবি করলেন মহসিন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দাবি, আইপিএলকে টপকে বিশ্বের এক নম্বর লিগ হয়ে উঠবে পাকিস্তান সুপার লিগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৮:২০
Share:

মহসিন নকভি। —ফাইল চিত্র।

ধারেভারে দুই লিগের মধ্যে যোজন তফাত। একটি লিগ (আইপিএল) খেলার জন্য বিশ্বের সেরা ক্রিকেটারেরা মুখিয়ে থাকেন। আর সেই লিগে দল না পাওয়া বা প্রাক্তন ক্রিকেটারেরা যান অপর লিগ (পাকিস্তান সুপার লিগ বা পিএসএল) খেলতে। অথচ সেই পিছিয়ে থাকা লিগই নাকি খুব তাড়াতাড়ি বিশ্বের এক নম্বর লিগ হয়ে উঠবে। এমনই দাবি করলেন মহসিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

Advertisement

লাহৌরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পিএসএলের কর্তাদের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন নকভি। তাঁর মতে, পাকিস্তানের লিগে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন। সেই কারণেই এই লিগ দ্রুত উন্নতি করছে। নকভি বলেন, “পিএসএল এখন বিনিয়োগের সবচেয়ে ভাল বাজার। সেই সময় দূরে নেই যখন পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হয়ে উঠবে।”

পাকিস্তান সুপার লিগে দলের সংখ্যা বেড়েছে। ছয় দলের বদলে এখন আট দল খেলছে। সেই কারণে, লিগের আর্থিক উন্নতি হচ্ছে বলেও মনে করেন নকভি। তাই এই দাবি করেছেন তিনি।

Advertisement

কিন্তু যদি দুই লিগের তুলনা করা হয় তা হলে বিষয়টা স্পষ্ট হবে। সম্প্রতি সিয়ালকোট দল ৬১ কোটি টাকায় বিক্রি হয়েছে। হায়দরাবাদের দল বিক্রি হয়েছে ৫৮ কোটি টাকায়। মুলতান সুলতানস বিক্রি হয়েছে ৮১ কোটি টাকায়। এই অঙ্ক দেখে মুখে হাসি ফুটেছে নকভির।

আইপিএলের আগে এই লিগেরও দু’টি দল বিক্রি হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি হয়েছে ১৬,৭০৬ কোটি টাকায়। রাজস্থান রয়্যালস বিক্রি হয়েছে ১৫,২৮৫ কোটি টাকায়। পাকিস্তানের লিগে একটি দল যে টাকায় বিক্রি হয়েছে, তার থেকে বেশি টাকা নিয়ে (১২০ কোটি) নিলামে নামে আইপিএলের ১০ দল।

Advertisement

এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগের বাজারদর ৩,০৬০ কোটি টাকা। সেখানে আইপিএলের বাজারদর ১,৭৬,২০০ কোটি টাকা। অর্থাৎ, পিএসএলের থেকে ৫৭ গুণ বেশি বাজারদর আইপিএলের। অথচ সেই আইপিএলকেই পিএসএল টপকে যাবে বলে দাবি করলেন নকভি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement