রোহিত শর্মা। —ফাইল চিত্র।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় রান করতে পারেননি রোহিত শর্মা। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে ২৬ বলে ৩৫ রান করেছেন রোহিত শর্মা। ইনিংসে একটিই ছক্কা মেরেছেন তিনি। যদিও সেই ছক্কা মেরেই মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত।
আইপিএলের ইতিহাসে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন রোহিত। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৮ ম্যাচে ৫১টি ছক্কা মেরেছেন তিনি। এর আগে ধোনি ও রোহিত যুগ্মভাবে শীর্ষে ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩৮ ম্যাচেই ৫০টি ছক্কা মেরেছেন ধোনি। দিল্লির বিরুদ্ধে সপ্তম ওভারে বিপরাজ নিগমের বলে ছক্কা মেরে ধোনিকে টপকে যান রোহিত।
ভারতীয় ব্যাটারদের মধ্যে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৫ ম্যাচে ৪৮টি ছক্কা মেরেছেন কোহলি। চার নম্বরে আবার রয়েছেন রোহিত। হায়দরাবাদ ও মুম্বইয়ের হয়ে কেকেআরের বিরুদ্ধে ৩৬ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছেন হিটম্যান।
আইপিএলের ইতিহাসে ভারতীয় ও বিদেশি ব্যাটার মিলিয়ে এই রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। তা-ও এক বার নয়, দু’বার। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬টি ম্যাচে ৬১টি ছক্কা মেরেছেন তিনি। আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংসের হয়ে কেকেআরের বিরুদ্ধে মেরেছেন ১৯ ম্যাচে ৫৪টি ছক্কা।
দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করেছে মুম্বই। ইনিংসের বিরতিতে রোহিত জানিয়েছেন, এই পিচে ব্যাট করা কঠিন। তিনি বলেন, “খুব মন্থর উইকেট। শুরুতে সময় দিতে হবে। তার পরেই বড় শট খেলা যাবে। এই উইকেটে আমরা ভাল রান করেছি। কারণ, এখানে শট মারা সহজ হবে না।” বোলারদের উপর ভরসা রয়েছে রোহিতের। তিনি বলেন, “শুরুতে উইকেট পেলে খেলার নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। আশা করছি, পাওয়ার প্লে-তে উইকেট তুলতে পারব। নতুন বলে খেলা কঠিন। বিশেষ করে বলের লাইনে খেলা কঠিন। আমাদের বোলারেরা সেটা কাজে লাগাবে।”