Face Steaming Tips

বর্ষায় ব্রণ ও তেলচিটে ত্বকে নাজেহাল? জেল্লা ফেরাতে পারে গরম ভাপ, কী কী মাথায় রাখবেন জানুন

বহু দিন ধরেই রূপচর্চার অঙ্গ। ত্বকের যত্নে ভাপ নেওয়ার চল রয়েছে ঘরে ঘরে। সঠিক নিয়মে এবং সীমিত মাত্রায় এই টোটকা প্রয়োগ করলে ত্বকে জেল্লা ফিরে আসতে পারে। পাশাপাশি, একাধিক উপকারও পেতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৮:৪৫
Share:

মুখে গরম ভাপ নিলে কী কী উপকারিতা মিলবে? ছবি: এআই সহায়তায় তৈরি।

বর্ষা এলেই ত্বক নানা সমস্যার শিকার হয়। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় মুখে তেল জমে, রোমকূপ বন্ধ হয়ে যায়, ব্রণ বেরোয়, আবার অনেকের ত্বক নিষ্প্রভও দেখায়। এই সময়ে শুধু মুখ ধুলেই সব সমস্যার সমাধান হয় না। ত্বককে গভীর ভাবে পরিষ্কার রাখার জন্য অনেকেই ফেস স্টিমিং বা মুখে ভাপ নেওয়ার পরামর্শ দেন।

Advertisement

ভাপ নেওয়ার চল রূপচর্চার নতুন অঙ্গ নয়। বহু দিন ধরেই ত্বকের যত্নে বহাল রয়েছে। সঠিক নিয়মে এবং সীমিত মাত্রায় এই টোটকা প্রয়োগ করলে ত্বকে জেল্লা ফিরে আসতে পারে। পাশাপাশি, একাধিক উপকারও পেতে পারেন।

ভাপ নেওয়ার চল রূপচর্চার নতুন অঙ্গ নয়। ছবি: সংগৃহীত

কেন এই সময়ে মুখে গরম ভাপ নেওয়া দরকার?

Advertisement

১. বদ্ধ রোমকূপ খুলে দেয়: বর্ষাকালে ঘাম, ধুলো, তেল এবং দূষিত কণা ত্বকের গভীরে জমে যেতে পারে। শুধু ফেসওয়াশ দিয়ে সব সময় সেগুলি পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয় না। গরম ভাপ বদ্ধ রোমকূপ খুলে দিয়ে ভিতরে জমে থাকা ময়লা ও তেলকে আলগা করে দেয়। ফলে ত্বক আরও ভাল ভাবে পরিষ্কার হয়।

২. ব্রণ হওয়ার ঝুঁকি কমে: রোমকূপ বন্ধ হয়ে গেলে সেখানে ব্যাক্টেরিয়া জন্মাতে পারে, যার ফলে ব্রণের ঝুঁকি বেড়ে যায়। নিয়মিত গরম ভাপ নিলে অতিরিক্ত তেল এবং জমে থাকা ময়লা কিছুটা দূর হয়। ফলে ব্রণ হওয়ার সম্ভাবনাও কমতে পারে।

৩. ব্ল্যাকহেডস নরম করে: নাকের উপর বা মুখের বিভিন্ন অংশে ব্ল্যাকহেড্‌স অনেকেরই সমস্যা। ভাপ নেওয়ার ফলে ব্ল্যাকহেডস নরম হয়ে যায়। এতে ত্বকের ক্ষতি না করেই সেগুলি তুলে ফেলা তুলনামূলক সহজ হয়।

বর্ষায় ত্বকের যত্ন নিন। ছবি: সংগৃহীত

৪. অতিরিক্ত তেল কমায়: বর্ষার আর্দ্র আবহাওয়ায় ত্বক অনেক সময়ে অতিরিক্ত তৈলাক্ত হয়ে ওঠে। ভাপ নিলে ত্বকের উপরে জমে থাকা তেল দূর হয়। ফলে তৈলাক্ত ত্বক পরিষ্কার করা যায় দ্রুত।

৫. রক্তসঞ্চালন বাড়ায়: মুখে ভাপ নিলে ত্বকের রক্তনালিগুলি কিছুটা প্রসারিত হয়। এর ফলে রক্তসঞ্চালন বাড়ে এবং ত্বকে বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছোয়। ফলে মুখে জেল্লা ফিরে আসে। উজ্জ্বল হয়ে ওঠে ত্বক।

৬. উপাদান ভাল ভাবে শোষিত হয়: ভাপ নেওয়ার পরে ত্বক তুলনামূলক নরম থাকে। পাশাপাশি, রোমকূপ খুলে যায়। সেই সময়ে সিরাম, ময়েশ্চারাইজ়ার বা ফেস মাস্ক ব্যবহার করলে সেগুলি ত্বকে আরও বেশি মাত্রায় কাজ করতে পারে।

ভাপ নেওয়ার সময়ে কী কী মাথায় রাখবেন?

ভাপ নেওয়ার উপকারিতা থাকলেও অতিরিক্ত প্রয়োগ করলে উল্টে ক্ষতি হতে পারে, তাই—

· সপ্তাহে এক বা দু’বারের বেশি না নেওয়াই ভাল।

· একটানা ৫-১০ মিনিটের বেশি ভাপ নেবেন না।

· ফুটন্ত জলের খুব কাছে মুখ নিয়ে যাবেন না।

· ভাপ নেওয়ার পরে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।

· ত্বক স্পর্শকাতর হলে বা এগজ়িমা, রোসেশিয়ার মতো সমস্যা থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement