ত্বকের জন্য কোন ম্যাজিক পানীয়ে ভরসা রাখেন প্রিয়ঙ্কা? ছবি: সংগৃহীত।
পেশার প্রয়োজনেই নায়িকাদের সুন্দর থাকতে হয়। কারণ, তাঁদের সুন্দর দেখতে চান আমজনতা। তাই নিজের ভক্তদের ধরে রাখতে সুন্দর থাকাটাও তাঁরা কাজ এবং দায়িত্বের মতো করেই পালন করেন।বয়স ৪০ পেরিয়েও যে নিজেকে সুন্দর দেখানোর প্রক্রিয়া, তা মোটেই সহজ নয়। সেটাই করে দেখিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই ত্বকের বয়স বৃদ্ধির স্বাভাবিক গতি থমকে দেওয়া যায়। অনেকেই বলবেন মেকআপ আছে তো। কিন্তু মেকআপে কি সব কিছু ঢাকা যায়? নায়িকারা তাই ত্বক ভাল রাখার জন্য নানা পদ্ধতি নেন। তবে আধুনিক প্রযুক্তির পাশাপাশি তাঁরা ঘরোয়া টোটকাকে ভুলে যান না মোটেই। প্রিয়ঙ্কার বয়স ৪৩ বছর। তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মা-ঠাকুরমার টোটকা মেনেই ত্বক পরিচর্যা করেন তিনি। বছরের পর বছর ধরে কী ভাবে ত্বকের জেল্লা ধরে রেখেছেন প্রিয়ঙ্কা, রইল হদিস।
মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রিয়ঙ্কা চালের জল এবং নারকেল তেল মিশিয়ে একটি ঘরোয়া মাস্ক তৈরি করেন। অভিনেত্রীর কথায়, এই মাস্ক ত্বকের উন্মুক্ত ছিদ্রগুলিকে (ওপেন পোর্স) সঙ্কুচিত করতে এবং ত্বককে টানটান করতে সাহায্য করে। এই মাস্কটি প্রতি দিন ঘুমোনোর কয়েক মিনিট আগে প্রয়োগ করা যেতে পারে।
পেটের সঙ্গেও ত্বকের যোগ আছে। পেট পরিষ্কার থাকলে ত্বকে তার প্রভাব দেখা যায়। তাই পেটের দিকেও সমান নজর দেন প্রিয়ঙ্কা। রোজ নিয়ম করে অভিনেত্রী ৩টি উপাদান দিয়ে তৈরি একটি বিশেষ পানীয় খান। মৌরি, জিরে এবং ধনে গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে খান নিয়মিত। এই পানীয়টি অ্যাসিডিটি কমাতে সাহায্য করে, হজমেও সহায়তা করে।