Dal Face packs for Sun Tan

ডাল খাওয়া পুষ্টিকর, মুখে মাখাও উপকারী, রোদে পোড়া দাগছোপ তুলতে কোন ডাল দিয়ে কেমন প্যাক বানাবেন?

রোদে পোড়া দাগ বা সানট্যান তোলা সহজ নয়। এর জন্য পার্লারে নানা রকম ‘ডি-ট্যান’ ফেসপ্যাক দিয়ে ফেশিয়াল করানো হয়। কিন্তু দাগছোপ তোলার উপায় হেঁশেলেই রয়েছে। তার জন্য লাগবে কিছু ডাল যা প্রায় সব বাড়িতেই থাকে। ডাল দিয়ে ফেসপ্যাক তৈরির পদ্ধতি আছে। ত্বকের ধরন বুঝে তা বানাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৭:৩৬
Share:

রোদে পোড়া দাগ, ‘সান পয়জনিং’ থেকে বাঁচাবে ডাল। ছবি: এআই সহায়তায় প্রণীত।

কাঠফাটা রোদে নাজেহাল। রোদের তেজে চামড়া যেন পুড়ে যাচ্ছে। বেশি ক্ষণ থাকলেই মুখে, হাতে কালচে দাগ পড়ে যাচ্ছে। অনেকের আবার লালচে দাগছোপ, র‌্যাশ হচ্ছে। একে নিছক ‘সানট্যান’ বলা যাবে না। বরং ত্বক চিকিৎসকেরা একে বলেন ‘সানবার্ন’। অর্থাৎ, রোদে পুড়েও ত্বকের নানা সংক্রমণ হতে পারে। চুলকানি, জ্বালাপোড়ার মতো অনুভূতি হতে পারে। কিন্তু সূর্যের অতিবেগনি রশ্মির কারণে যদি ত্বকের রং বদলাতে শুরু করে, লালচে র‌্যাশ এবং তা থেকে ত্বকে ঘা, চামড়া উঠতে থাকা বা ক্ষত তৈরি হয়, তা হলে বুঝতে হবে ‘সান পয়জ়নিং’ হচ্ছে। অনেক সময়ে সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিসের লক্ষণও দেখা দেয়। এর থেকে বাঁচতে ত্বকের পরিচর্যা নিয়ম করে করতে হবে। তা কেবল ক্রিম বা সিরাম দিয়ে হবে না। এর জন্য প্রয়োজন প্রোটিনের ভরপুর ফেসপ্যাক।

Advertisement

প্রোটিন সমৃদ্ধ ফেসপ্যাক বানানো যাবে ডাল দিয়েই। রোজের খাওয়ার জন্য যে ডাল লাগে, তা দিয়েই বানানো যায় নানা রকম ফেসপ্যাক। ডাল শুধু শরীরের জন্য পুষ্টিকর তা নয়, ত্বকের জন্যও উপকারী। ডাল ভিটামিন-বি কমপ্লেক্স, জ়িঙ্ক এবং শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। ডাল মাখলে ত্বকের মেলানিন রঞ্জকের ভারসাম্য ঠিক থাকে, ত্বকের কোষে প্রোটিনের সরবরাহ হয়। ফলে কোষের পুনর্গঠন হয় এবং অকালবার্ধক্যের ছাপ মুছে যায়।

ডাল দিয়ে কেমন ভাবে বানাবেন ফেসপ্যাক?

Advertisement

মুসুর ডাল, কাঁচা হলুদ ও দুধের প্যাক

২ চামচ মুসুর ডাল বাটা, ৩ চা চামচ দুধ এবং এক চিমটি কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিতে হবে। সব উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে এলে হালকা হাতে বৃত্তাকারে মালিশ করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

মুগ ডাল ও টক দই

খুব শুষ্ক ও রোদে পোড়া ত্বকের জন্য এই ফেসপ্যাক ভাল। ২ চামচ মুগ ডালের সঙ্গে ২ চামচ টক দই ভাল করে ফেটিয়ে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এই প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করলে রোদে পোড়া দাগছোপ দূর হবে। চোখের তলার কালিও দূর হবে। ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।

ছোলার ডালের সঙ্গে মধুর প্যাক

তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী এই ফেসপ্যাক। ২ চামচ ছোলার ডালের গুঁড়োর সঙ্গে ১ চামচ পাতিলেবুর রস ও ১ চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। এর সঙ্গে সামান্য গোলাপ জলও মেশাতে পারেন। এটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। পোড়া দাগছোপ, মেচেতার দাগও দূর করবে লেবুর ভিটামিন-সি।

বিউলির ডালের সঙ্গে ঘি

মুখে ও গলায় দাগছোপ যাঁদের বেশি, তাঁদের জন্য এই প্যাক উপকারী হতে পারে। ২ চামচ বিউলির ডাল বাটা এবং ১ চামচ ঘি মিশিয়ে প্যাক তৈরি করে নিন। দুটি উপাদান মিশিয়ে ত্বকের দাগছোপের জায়গায় লাগিয়ে রাখুন মিনিট কুড়ি। এর পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফেরাতে ও দাগ দূর করতে এই প্যাক খুবই কার্যকরী হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement