অম্বল, অ্যাসিড রিফ্লাক্সের কারণে বুকে ব্যথা হয় অনেকের, এ কষ্ট কমাতে অভ্যাস করতে পারেন সহজ কিছু যোগাসন। ছবি: এআই সহায়তায় প্রণীত।
বদহজমে ভোগেননি, এমন বাঙালি পাওয়া দায়। হজমশক্তি বাড়ানোর কিছু সহজ উপায় হাতের কাছেই রয়েছে। নিয়মিত যোগাসন করলে অম্বল, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। অনেকেরই অম্বল হলে বুকে ব্যথা হয়। এই ধরনের ব্যথাকে হৃদ্রোগের সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকে। বুকে ব্যথা ক্রনিক হয়ে গেলে তা কেবল ওষুধে সারানো সম্ভব নয়।
সাধারণত, বুকে চিনচিনে ব্যথা হয় গ্যাসের সমস্যায়। বুকে জ্বালার মতো লক্ষণও দেখা দেয়। কখনও কখনও ব্যথাটা পিঠের দিকেও যেতে পারে। গ্যাসজনিত অস্বস্তি সাধারণত পেটের দিক থেকে শুরু হয়ে বুক পর্যন্ত ছড়িয়ে পড়ে। খাওয়ার পরে এই ব্যথা বেশি হয়, বিশেষ করে তেলমশলাযুক্ত বা ভারী খাবার খেলে। এর সঙ্গে পেটফাঁপা, অম্বল, গলায় জ্বালাভাবের মতো উপসর্গও থাকতে পারে। সে ক্ষেত্রে সমাধানের উপায় হল সহজ কিছু যোগাসন।
শলভাসন
উপুড় হয়ে ম্যাটের উপর শুয়ে পা দু’টি একসঙ্গে টান টান করে রাখুন। দুই হাত রাখুন দুই ঊরুর নীচে। এটিই আসন শুরুর ভঙ্গি। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে বাঁ পা উপরের দিকে তুলুন। হাঁটু যেন ভাঁজ হয়ে না যায়, সে দিকে খেয়াল রাখবেন। ডান পা একেবারে টান টান থাকবে। এই অবস্থানে থাকুন ৫ সেকেন্ড। এর পর শ্বাস ছাড়তে ছাড়তে পা নীচে নামান। একই পদ্ধতিতে শ্বাস নিতে নিতে দুই পা উপরের দিকে তুলুন। ৫ সেকেন্ড এই অবস্থানে থেকে শুরুর ভঙ্গিতে ফিরে আসুন। এই ভাবে তিন সেট অভ্যাস করতে হবে।
বজ্রাসন
এই আসনটি করতে প্রথমে সোজা হয়ে বসুন। সামনের দিকে পা ছড়িয়ে দিন। এ বার একটি করে পায়ে হাঁটু মুড়ে তার উপরে বসুন। গোড়ালি জোড়া করে রাখুন। শিরদাঁড়া সোজা করে বসুন। হাত দুটো ঊরুর উপর টানটান করে রাখুন। কিছু ক্ষণ এই ভঙ্গিতে বসুন। এই আসনটি শরীরে অতিরিক্ত মেদের সমস্যা থেকে মুক্তি দেয়। পেটের তলদেশে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে। সেই সঙ্গে গ্যাসের সমস্যা থেকে দূরে রাখে।
উষ্ট্রাসন
প্রথমে ম্যাটের উপর হাঁটু মুড়ে বসুন। এ বার পিছনের দিকে খানিকটা হেলে দুই হাত দিয়ে গোড়ালি ধরুন। মাথা পিছনের দিকে ঝুলিয়ে ধীরে ধীরে পেটের অংশটা সামনের দিকে এগিয়ে দিন। এর পরে ডান হাতের বুড়ো আঙুলটি ডান দিকের গোড়ালির ভিতর দিকে রেখে বাকি সব আঙুল বাইরের দিকে রাখুন। বাঁ দিকের ক্ষেত্রেও একই ভাবে রাখুন। পায়ের পাতা মাটিতে রাখুন।