Hair Serum

গরমে মাথায় ঘামের দুর্গন্ধ? চুলও পড়ছে, ৩ রকম সিরামেই হবে সমস্যার সমাধান, শিখে নিন তৈরির পদ্ধতি

গরমে চুল ভাল রাখবে। চুল পড়াও বন্ধ হবে। এর জন্য দামি প্রসাধনী নয়, বরং ঘরেই তৈরি করে নিন কিছু সুগন্ধি হেয়ার সিরাম। নিয়মিত ব্যবহারে মাথার ত্বকে ঘাম জমে গন্ধ হওয়ার সমস্যাও হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৭:৫১
Share:

মাথায় ঘাম জমে দুর্গন্ধ হবে না, বানিয়ে নিন কিছু সুগন্ধি হেয়ার সিরাম। ছবি: ফ্রিপিক।

কখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তো কখনও আবার ঝাঁ ঝাঁ রোদ। কখনও বৃষ্টিতে ভিজে যাচ্ছে চুল, তো কখনও আবার ঘামে দফারফা হচ্ছে। তা ছাড়া বাইরে যা দূষণ, তাতে চুল ভাল রাখাই দায়। কর্মব্যস্ততার মাঝে প্রতি মাসে সাঁলোয় গিয়ে চুলের পরিচর্যা করার সময় হয়ে ওঠে না। তা ছাড়া, হরেক রকম প্রসাধনী বাড়িতে কিনে ব্যবহার করতেও পকটের উপর ভালই চাপ পড়ে। তা হলে উপায়?

Advertisement

ব্যাগে বাজারচলতি হেয়ার জেল না রেখে বরং রেখে দিন বাড়িতে তৈরি কিছু হেয়ার সিরাম। সঠিক পদ্ধতিতে বানাতে পারলে কেনা সিরামের চেয়েও ভাল কাজ হবে। গরমে মাথায় ঘাম জমে দুর্গন্ধও হবে না, আবার চুল পড়াও বন্ধ হবে।

ঘরে কী ভাবে সুগন্ধি সিরাম বানাবেন?

Advertisement

লেবু ও পুদিনা পাতার

অর্ধেক লেবুর রস, এক মুঠো পুদিনা পাতার রস, ১ কাপ জলে মিশিয়ে নিতে হবে ভাল করে। উপকরণগুলো মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ স্প্রে বোতলে করে ব্যাগেও রেখে দিতে পারেন।

কোরিয়ান সিরাম

২ চামচ অ্যালো ভেরা জেল, ১ চামচ চাল ভেজানো জল, ৪-৫ ফোঁটা রোজমেরি অয়েল, ১ চামচ গ্লিসারিন নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভাল করে মিশিয়ে একটি পরিষ্কার কাচের শিশিতে রেখে দিন। শ্যাম্পু করা চুল শুকিয়ে যাওয়ার পর ড্রপারের সাহায্য মাথার ত্বকে কয়েক ফোঁটা দিয়ে মৃদু চাপ দিয়ে তা মালিশ করতে হবে। চুলের উপর যেন সিরামের পরত লেগে থাকে।

রোজ়মেরি হেয়ার সিরাম

আধকাপের মতো নারকেল তেল বা অর্গান অয়েল নিন। তা হালকা গরম করে নিন। তাতে মেশান রোজ়মেরির শুকনো পাতা। আঁচ কমিয়ে পাতা ফুটতে দিন। এতে পাতার নির্যাস মিশে যাবে তেলে। এর পর গ্যাস বন্ধ করে তেল ঠান্ডা হতে দিন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তাতে রোজ়মেরি এসেনশিয়াল অয়েল মেশান। এর পর ছেঁকে নিলেই সিরাম তৈরি হয়ে যাবে।

গোলাপ জল ও টি ট্রি অয়েলের সিরাম

আধ কাপ গোলাপ জলে ৩-৪ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে নিন। গরমে বাইরে বেরনোর আগে চুলে ও মাথার ত্বকে ভাল করে স্প্রে করে নিন। এই সিরাম মাখলে মাথায় ঘাম জমে গন্ধ হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement