প্রিয়ঙ্কার স্বামী নিক কী কী ভাবে নিজের ত্বকের যত্ন নেন? ছবি: সংগৃহীত।
ত্বকের যত্ন নিয়ে সচেতনতা আর শুধু মহিলাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পুরুষদের মধ্যেও কেশচর্চা ও ত্বক পরিচর্যার গুরুত্ব দ্রুত বাড়ছে। আর সেই তালিকায় রয়েছেন গায়ক-অভিনেতা নিক জোনাসও। সম্প্রতি নিজের ত্বকচর্চার রুটিন নিয়ে কথা বলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী। তিনি নিয়মিত প্রায় ১০ ধাপের একটি ত্বক পরিচর্যার রুটিন মেনে চলেন। তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের প্রতি যত্নবান হওয়া উচিত। কেবল চেহারা সুন্দর রাখার জন্য নয়, সুস্থ থাকার জন্যও নিজের শরীর ও ত্বকের যত্ন নেওয়া জরুরি।
সকালে উঠে প্রথমেই সবুজ পানীয়ে চুমুক দেন পপতারকা। সেলেরি এবং লেবুর রস দিয়ে টাটকা পানীয় বানিয়ে খান তিনি। নিকের কথায়, ‘‘এতে আমার হজমের সমস্যা কমে যায়, পেট ভাল থাকে আর শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায়।’’ তার পর শুরু হয় তাঁর ত্বকচর্চার পর্ব।
গায়ক-অভিনেতা নিক জোনাস। ছবি: সংগৃহীত।
নিক কী কী ভাবে নিজের ত্বকের যত্ন নেন?
১. বরফজলে মুখ ডোবানো
ত্বক পরিচর্যার প্রথম ধাপ হিসেবে তিনি বরফঠান্ডা জলে মুখ ডোবান। তাঁর কথায়, এই কাজটি মুখের ফোলা ভাব কমতে পারে এবং ঘুমের ভাব কাটিয়ে শরীরকে চাঙ্গা করে তুলতে সাহায্য করে। প্রিয়ঙ্কাও যে এই পদ্ধতিতে ত্বকচর্চা করেন, তা আগেই সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন নায়িকা।
২. দাড়ি কামানো
এর পরেই মুখ পরিষ্কার করেন এবং দাড়ি কামান। নিক মনে করেন, প্রত্যেকের ত্বক আলাদা। তাই নিজের প্রয়োজন অনুযায়ী পরিচর্যার পদ্ধতি বেছে নেওয়া উচিত।
৩. ক্লিনজ়িং করা
সেটে শুটিংয়ের পর যখন মুখের হাল খারাপ হয়ে যায় মেকআপ বা ধুলোময়লার জেরে, তখন ক্লিনজ়িং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হয়ে ওঠে। নিক জানালেন, শুটিংয়ের পর রূপটান শিল্পীরাই ক্লিনজ়িং জেল মাখিয়ে দেন, তার পর ঈষদুষ্ণ জলে চোবানো তোয়ালে দিয়ে মুখ মুছে দেওয়া হয়। এই ধাপটি নিকের কাছে খুবই আরামদায়ক।
৪. চোখের যত্ন
চোখের চারপাশের ত্বক আর্দ্র রাখতে তিনি নিয়মিত বিশেষ ধরনের জেল ব্যবহার করেন। পাশাপাশি চোখের লালচে ভাব বা ক্লান্ত ভাব কমাতে চোখের ড্রপও ব্যবহার করেন।
৫. ক্ল্যারিফায়িং সিরাম
ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখতে তিনি সিরাম ব্যবহার করেন। এতে ত্বকের রোমকূপগুলি থেকে ময়লা, ঘাম ইত্যাদি সরে গিয়ে ব্রণ হওয়ার ঝুঁকি কমায়।
৬. গ্লো ক্রিম
ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে গ্লো ক্রিম মাখতে ভোলেন না প্রিয়ঙ্কার স্বামী। তাঁর মতে, এর ফলে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না। ৩৩ বছর বয়সে পা দেওয়ার পর নিজের ত্বকের প্রতি যত্নবান হয়েছেন তিনি।
৭. সানস্ক্রিন
ক্রিমের পর সানস্ক্রিন মাখেন গায়ক। বহু বছর আগে থেকেই তাঁর মা তাঁকে এই অভ্যাসটি ধরিয়েছিলেন। সে জন্য কৃতজ্ঞ নিক।
৮. লিপ বাম
ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া ঠেকাতে তিনি নিয়মিত ঠোঁটের পরিচর্যার সামগ্রী অর্থাৎ লিপ বাম ব্যবহার করেন। ঠোঁট হল ত্বকের সবচেয়ে স্পর্শকাতর অংশ, যেখানে কোনও তৈলগ্রন্থি নেই বলে দ্রুত শুকিয়ে যায়।
৯. সুগন্ধি
সুগন্ধি নিয়ে অতি সচেতন নিক। নিজেই স্বীকার করেছেন, ‘‘ওটা একটু বেশিই মাখি আমি। আমার ব্যাপারে মজার বিষয়গুলির মধ্যে একটি এটি।’’
১০. ফাইবার পমেড
একেবারে শেষে চুলের কায়দার জন্য ফাইবার পমেড মাখেন তিনি। স্টাইলিংয়ের পাশাপাশি চুলে সুন্দর গন্ধও হয় তাতে। স্নানের পর ভিজে চুলে অল্প পমেড মাখেন নিক।