Summer Foot Care

প্রচণ্ড গরমেও গোড়ালি ফাটছে? কী কী মাখলে পা ফাটার সমস্যা কমবে

ভ্যাপসা গরমেও পা ফাটার সমস্যা দেখা অনেকের। গোড়ালিতে ফাটা দাগের কারণে লজ্জায় পরতে হয়। পা ফাটার সমস্যা একবার দেখা দিলে সহজে সারে না। জেনে নিন, কী ভাবে যত্ন নিলে খুব তাড়াতাড়ি উপকার পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:০৫
Share:

প্রচণ্ড গরমেও পায়ের পাতা, গোড়ালি ফাটছে, কী কী মাখলে উপকার পাবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

মরসুম বদলের সময়ে পা ফাটে অনেকের। শীতে তো বটেই, গরমেও পা ফাটার সমস্যা দেখা যায়। পায়ের যত্নের অভাব এবং কম পুষ্টির কারণে এই সমস্যা হয়। সুন্দর করে সাজগোজ করলেন, কিন্তু পায়ে কালচে ছোপ বা ফাটা গোড়ালি পুরো সাজটাই মাটি করে দিতে পারে। খালি পায়ে হাঁটতে হলে বা জুতো খুলে বসার সময়ে লজ্জায় পরতে হয়। ত্বক চিকিৎসকেরা বলছেন, গরমে শুষ্কতার কারণে পায়ের গোড়ালি ফাটারও সমস্যা দেখা যায়। অনেক সময় রাসায়নিক দ্রব্য বা অত্যধিক সাবান ব্যবহারের ফলেও কিন্তু হাত বা পায়ের ত্বক শুষ্ক হয়ে যায়। তা ছাড়া কেমন জুতো পরছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ।

Advertisement

পা ফাটার সমস্যা কমবে কী উপায়ে?

নিয়মিত স্ক্রাব করুন

Advertisement

গোড়ালি থেকে ময়লা পরিষ্কার করা খুব জরুরি। এর জন্য রোজ স্নানের সময়ে ‘স্ক্রাবার’ দিয়ে গোড়ালি ঘষে পরিষ্কার করুন। এতে গোড়ালি ফাটার সমস্যা কমবে।

গ্লিসারিন ও গোলাপ জল

Advertisement

সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে নিন। সঙ্গে লেবুর রস যোগ করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি পায়ে লাগিয়ে মোজা পরে থাকুন। সকালে দেখবেন পা নরম ও মসৃণ হয়ে গিয়েছে।

অ্যালো ভেরা জেল

অ্যালো ভেরা জেল ত্বকের জন্য খুবই উপকারী। ফাটা গোড়ালিতে নিয়ম করে অ্যালো ভেরা জেল লাগালে খুব দ্রুত পা ফাটার সমস্যা থেকে রেহাই পাবেন। অ্যালো ভেরা জেল ফ্রিজে রেখে ঠান্ডা করে এর সঙ্গে মধু মিশিয়েও লাগাতে পারেন। তবে তার আগে পা উষ্ণ গরম জলে ধুয়ে, শুকনো করে মুছে নেবেন।

পাকা কলার মাস্ক

পাকা কলা ভিটামিন-এ এবং বি-সিক্স সমৃদ্ধ, যা ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে। একটি পাকা কলা ভাল করে চটকে নিন। চাইলে এতে আধ চামচ নারকেল তেল মেশাতে পারেন। পা ভাল করে ধুয়ে পরিষ্কার করে প্যাক লাগিয়ে মিনিট ২০ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে পা ফাটার সমস্যা কমে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement