Tamannaah Bhatia Hair Care

‘মাথা থেকে এত দুর্গন্ধ বেরোত যে, কেউ সহ্য করতে পারত না’, চুলের যত্নে এমন কী মাখতেন তমন্না

ঘরোয়া টোটকায় নির্ভরশীল তমন্না চুলের যত্নেও প্রাকৃতিক উপাদান ব্যবহার করতেন। নায়িকার পরামর্শ, গ্রীষ্মকালে এই টোটকা প্রয়োগ করা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:১০
Share:

তমন্না ভাটিয়ার কেশচর্চার ঝলক। ছবি: সংগৃহীত।

বলিউড নায়িকা তমন্না ভাটিয়ার ত্বক থেকে কেশের সৌন্দর্য নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীমহল। এর আগে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ত্বকের যত্নে ঘরোয়া স্ক্রাব এবং মাস্কের উপরই ভরসা করেন তিনি। পাশাপাশি, ভাল খাওয়াদাওয়ার অভ্যাসও রয়েছে তাঁর। সম্প্রতি নিজের কেশচর্চার রহস্য খোলসা করলেন তমন্না।

Advertisement

ঘরোয়া টোটকায় নির্ভরশীল তমন্না চুলের যত্নেও প্রাকৃতিক উপাদান ব্যবহার করতেন। সম্প্রতি যে টোটকার কথা তিনি জানালেন, তা যদিও এখন আর ব্যবহার করেন না, কিন্তু এক সময়ে এই কৌশল তাঁর বড়ই প্রিয় ছিল। আর তা হল, মাথায় কাঁচা পেঁয়াজের রস মাখার পন্থা। অভিনেত্রীর কথায়, ‘‘এখন অনেকটাই এই অভ্যাস কমিয়ে দিয়েছি আমি। চুলের অবস্থা খারাপ হলে বেঁধে রাখি। আগা ফাটার সমস্যা থেকে চুলে আরও বেশি ভাঙন ধরে। কিন্তু একসময়ে মনে আছে, পেঁয়াজের রস লাগাতাম চুলে। খুব ভাল লাগত। কিন্তু মাথা থেকে এত দুর্গন্ধ বেরোত যে, কেউ সহ্য করতে পারত না। তবে আমার চুলের জন্য খুব ভাল টোটকা এটা।’’ নায়িকার পরামর্শ, বেশি ক্ষণ মাথায় লাগিয়ে রাখলে চলবে না। ১০ মিনিটের মধ্যেই মাথা ধুয়ে ফেলতে হবে। গ্রীষ্মকালেই এই টোটকা প্রয়োগ করার পরামর্শ তমন্নার।

তমন্নার সুন্দর চুলের নেপথ্যে পেঁয়াজের রস। ছবি: সংগৃহীত

অনেকেই মনে করেন, পেঁয়াজের রস চুলের জন্য খুব উপকারী। তবে এর কিছু উপকারিতা থাকলেও বিষয়টি নিয়ে কিছু অতিরঞ্জিত ধারণাও ছড়িয়ে পড়েছে। তাই ব্যবহার করার আগে কয়েকটি বিষয় জানা জরুরি। চুলের যত্নে পেঁয়াজের রস ব্যবহারের প্রচলন নতুন নয়। বহু বছর ধরেই এটি ঘরোয়া উপায় হিসাবে ব্যবহার করা হয়। এর প্রধান কারণ, পেঁয়াজে থাকে সালফার। আর তা চুলের স্বাস্থ্যোন্নতি ঘটাতে পারে। কারণ, সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করতে পারে এবং চুলের গোড়া মজবুত করতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়। ফলে অনেকেই মনে করেন, এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে। পেঁয়াজে থাকা সালফারের কারণেই এর গন্ধ এত তীব্র হয়। এই রাসায়নিক মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করতে পারে।

Advertisement

তবে কাঁচা উপাদানগুলি সরাসরি মাথায় মাখলে ত্বকে অস্বস্তি, জ্বালা ও চুলকানি হতে পারে। পাশাপাশি, ত্বকের রন্ধ্রমুখ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই চর্মরোগ চিকিৎসকেরা বলেন, কানের পিছনে মাথার ত্বকে অল্প মেখে নিয়ে পরীক্ষা করে নেওয়া দরকার, আদৌ সেই উপাদান আপনার জন্য উপযুক্ত ও নিরাপদ কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement