US-Iran Conflict

মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। সে দিনই মার্কিন হামলায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এর পরে তাঁর পুত্র মোজ়তবা সর্বোচ্চ নেতা মনোনীত হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৮:১৮
Share:

আয়াতোল্লা আলি খামেনেই। —ফাইল চিত্র।

যুদ্ধবিরতির সম্ভাবনার আবহেই এ বার নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের নির্ঘণ্ট ঘোষণা করল ইরান। শনিবার তেহরান জানিয়েছে, আগামী ৪ জুলাই নিহত নেতার শেষকৃত্যের ধর্মীয় প্রক্রিয়া শুরু করা হবে। তাঁকে সমাহিত করা হবে আগামী ৯ জুলাই।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। সে দিনই নিহত হয়েছিলেন খামেনেই। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাঁকে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে সমাহিত করা হবে। ওই হামলায় ইরানের বেশ কয়েক জন উচ্চপদস্থ সেনা আধিকারিকও নিহত হন। তাঁদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলেও তিন দশক ধরে ইরানের ক্ষমতায় থাকা আয়াতোল্লাকে সমাহিত করা হয়নি। এই বিলম্বে নানা প্রশ্ন উঠেছিল। যুদ্ধ পরিস্থিতিতে তাঁর পুত্র মোজ়তবা খামেনেইকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তিনিও মার্কিন হামলায় গুরুতর জখম হন।

খামেনেইয়ের দেহ কোথায়, কী অবস্থায় রয়েছে সে বিষয়েও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। এখনও জনসমক্ষে আসেননি মোজ়তবাও। ইরানের এক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, নতুন সর্বোচ্চ নেতার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং ক্ষমতা হস্তান্তর-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এই বিলম্বের প্রধান কারণ। বস্তুত, খামেনেইয়ের স্তরের এক জন সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সমাবেশও। ইরানে ২০২০ সালের ৩ জানুয়ারি আমেরিকান ড্রোন হামলায় নিহত হন কমান্ডার কাসেম সোলেমানি। ৪ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ইরানের বিভিন্ন শহরে চলেছিল শোকযাত্রা। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখা গিয়েছিল সেখানে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের সমাবেশে মোজ়তবার ক্ষেত্রে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে বলে শঙ্কা ছিল। এই আবহে তেহরানের তরফে খামেনেইয়ের শেষকৃত্যের ঘোষণা যুদ্ধবিরতির ইঙ্গিতবাহী বলেই মনে করছেন অনেকে। ঘটনাচক্রে, আমেরিকা-ইরান যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ শনিবার দাবি করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তি হবে ওয়াশিংটন-তেহরানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement