Best Look of Last Week

কারও শাড়িতে জুঁই ফুল, কেউ ব্লাউজে ঝোলালেন কড়ি! এ সপ্তাহে সাজ শেখালেন আলিয়া আর ঋদ্ধি

এ সপ্তাহে ‘সাজের সেরা’ বাছতে গিয়ে আনন্দবাজার ডট কম-এর নজর আটকে গেল দুই বলি-সুন্দরীতে আর তাঁদের একদম ভিন্ন ধারার দুই সাজে। দুটি সাজই গ্রীষ্মের তপ্ত আবহাওয়ার কথা মাথায় রেখে ভাবা। অথচ কি ভীষণ বিপরীত মেরুর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১২:৪৭
Share:

গরমের সাজ এমনও হতে পারে! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সেরা সাজ কাকে বলা যায়? যিনি সবার থেকে আলাদা ভাবে চোখে পড়েন? নাকি তিনি যিনি পরিবেশ পরিস্থিতি বুঝে বেছে নেন পোশাক, নিজের আরামের পাশাপাশি আশপাশের মানুষেরও চোখের আরামের কারণ হন? আপাতত পারদের মাত্রা যে অনুভব দিচ্ছে, তাতে দ্বিতীয়টিকেই সেরা বলে মনে হচ্ছে। তবে সত্যিকারের সেরা সাজ সেটাই হবে, যেটি এই দু’টি ভাবনার মধ্যেই সঠিক ভারসাম্য বজায় রাখবে।

Advertisement

এ সপ্তাহে ‘সাজের সেরা’ বাছতে গিয়ে আনন্দবাজার ডট কম-এর নজর আটকে গেল দুই বলি-সুন্দরীতে আর তাঁদের একদম ভিন্ন ধারার দুই সাজে। দুটি সাজই গ্রীষ্মের তপ্ত আবহাওয়ার কথা মাথায় রেখে ভাবা। অথচ কি ভীষণ বিপরীত মেরুর।

আলিয়ার ‘জুঁই’ শাড়ি

Advertisement

দহনবেলা দোরগোড়ায়। তবে আলিয়ার সাজ সেই দহনজ্বালা নিমেষে জুড়োনোর ওষুধ। তার দিকে তাকালে মনে হতে পারে দু’চোখে কেউ বরফ বুলিয়ে দিল। সাদা রঙের শাড়ি পরেছেন বলে নয়। অমন সাদা শাড়ি তিনি প্রায়ই পরেন। কারণ, আলিয়া সাদা শাড়ি পরতে ভালবাসেন। কিন্তু এই শাড়ি সবার থেকে আলাদা। কারণ এই শাড়ির পরতে পরতে জড়িয়ে আছে জুঁইয়ের কুঁড়ির মালা। আশু গ্রীষ্মের তরতাজা সুবাস। দুধ-সাদা শিফন শাড়ির পাড় বেয়ে রাশি রাশি টাটকা জুঁই ফুল ঝর্নার মতো ঝরে পড়ছে আলিয়ার চারপাশে। দেখে মনে হচ্ছে, আলিয়ার শরীরে এই ফুলের আবরণ শুধু সাজ নয়, বরং এক অদৃশ্য সুরক্ষাবলয়, যা গরমের ক্লান্তি ধুয়ে দিয়ে এক সতেজ মাদকতা তৈরী করছে তাঁকে ঘিরে। আলিয়া ওই শাড়ির সঙ্গে খুব বেশি সাজেননি। হালকা একটি হার আর মেকআপে খানিক গোলাপি আভা। কিন্তু তাতেই তাঁকে দেখতে লাগছে গ্রীষ্মের তপ্ত দুপুরের পর হঠাৎ আসা এক পশলা বৃষ্টির মতো।

ঋদ্ধির ‘বোহো-লুক’

Advertisement

আলিয়া যখন স্নিগ্ধতার বার্তা দিচ্ছেন, তখন ঋদ্ধি ডোগরা বেছে নিয়েছেন গ্রীষ্মের খর মরু প্রান্তরের সংস্কৃতি। তাঁর এমব্রয়ডারি করা ‘কর্সেট’ ব্লাউজে গুজরাটের কচ্ছ অঞ্চলের লোকশিল্পের স্পর্শ। সেই ব্লাউজ তিনি পরেছেন ধুলো রঙের লিনেন শাড়ির সঙ্গে। যা কচ্ছের মরু প্রান্তরের কথা মনে করিয়ে দিচ্ছে। জমকালো ব্লাউজটিকে ঋদ্ধি ঠিক তেমনই জমিতে সাজিয়েছেন, যেখানে তা সবচেয়ে বেশি মানানসই। কাচের আয়না আর রঙিন সুতোর নিপুণ কারুকাজ করা অফ শোল্ডার কর্সেট ব্লাউজ, মিষ্টি বেগনি রং আর তার নীচের ঝালরে বুনে দেওয়া কড়ি। সঙ্গে হাতে বেগনি রঙের ম্যাট ফিনিশের চুড়ির সঙ্গে কড়ির বালা আর কানে বড় ঝুমকো পরেছেন ঋদ্ধি। আর এই সব কিছু এক অদ্ভুত যাযাবর ভাব এনেছে তাঁর সাজে। যাকে এ যুগের ভাষায় বলা হয় বোহো ফ্যাশন।

কী শেখা গেল?

১। প্রকৃতিই সেরা গয়না। দামী হিরে-জহরত নয়, আলিয়ার মতো সাধারণ ফুলের মালাও সাজকে আমূল বদলে দিতে পারে।

২। লোক সংস্কৃতির আবেদন পুরনো হয় না। কড়ি, আয়না, রঙিন সুতোর লোকজ কাজের নকশাদার পোশাক অনেকেই ট্রেন্ডের বাইরে ভেবে সরিয়ে রাখেন, কিন্তু ঋদ্ধি দেখিয়ে দিলেন সঠিক পোশাকের সঙ্গে মেলাতে পারলে সেই নকশাও হয়ে উঠতে পারে আধুনিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement