টেলোজেন এফ্লুভিয়াম কী, এই কারণেই চুল পড়ছে না তো? ছবি: ফ্রিপিক।
চুল পড়ার সমস্যা নিয়ে আগে তেমন মাথা ঘামানো হত না। চল্লিশ পেরোলে টাক পড়া ছিল সাধারণ সমস্যা। কিন্তু এখন তা নয়। এখন বেশির ভাগ মানুষই সৌন্দর্য সচেতন। চুল উঠতে শুরু করলেই আতঙ্ক শুরু হয়। এই বুঝি মাথাজোড়া টাক পড়ল! চুল ভাল রাখতে তাই চেষ্টার অন্ত নেই। কেউ হেয়ার মাস্ক মাখেন, কেউ আবার সালোঁয় গিয়ে চুলের নানা ট্রিটমেন্ট করান। কেশচর্চায় এখন পিছিয়ে নেই পুরুষেরাও। সে কারণে চুল প্রতিস্থাপন থেরাপিগুলির এখন এত রমারমা। কিন্তু চুল পড়ার কারণটা কী? কেউ বলছেন হরমোনের গোলমাল, কারও মত পুরোটাই বংশগত। তবে চিকিৎসকেরা বলছেন, হঠাৎ করে গোছা গোছা চুল পড়তে শুরু করলে তার কারণ হতে পারে ‘টেলোজেন এফ্লুভিয়াম’।
কী এই টেলোজেন এফ্লুভিয়াম?
চুলের বৃদ্ধি আচমকা থমকে যায় এই সমস্যায়। হেয়ার ফলিকলগুলিতে স্টেম কোষের চলাচল বন্ধ হয়ে যায়। চুল পুরোপুরি বিশ্রামের পর্যায়ে বা টেলোজেন দশায় চলে যায়। চুলের জীবনচক্রের চার দশা— অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন ও এক্সোজেন। প্রথম তিন বছর হল অ্যানাজেন দশা। নতুন চুল বেড়ে ওঠার সময়। এর পরে ২-৪ সপ্তাহ স্বল্পস্থায়ী একটি পর্ব চলে, যার নাম ক্যাটাজেন। এর পরে ৩-৪ মাসের টেলোজেন দশা শেষ করে চুল পড়ে যায়। আবার নতুন চক্রের চুল এসে শূন্যস্থান পূরণ করে। এই টেলোজেন দশাটি হল বিশ্রাম পর্ব। ওই দশায় চুলের বৃদ্ধি হয় না। এই দশাটি মাস তিনেকের মতো থেকে আবার পরের দশা শুরু হয়। কিন্তু টেলোজেন এফ্লুভিয়াম হলে টেলোজেন দশাটিই স্থায়ী হতে থাকে। তিন মাসের জায়গায় ৮-৯ মাস বা তার বেশি সময়ও থাকতে পারে। ফলে নতুন চুল যেমন গজায় না, তেমনই চুল ঝরতেও শুরু করে। বেশির ভাগ ক্ষেত্রে চুল পড়ার কারণই হল এই টেলোজেন এফ্লুভিয়াম।
কেন হয়?
টেলোজেন এফ্লুভিয়াম নানা কারণে হতে পারে। মূলত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যে কারণে শরীর সঠিক পুষ্টি পায় না, ফলে চুলের গোড়াতেও পুষ্টি পৌঁছোয় না। তা ছাড়া হরমোনের গোলমাল, থাইরয়েডের সমস্যা, নানা রকম ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং চুলে নানা রকম রাসায়নিক থেরাপি করালে তার প্রভাবেও এমন হতে পারে।
চটজলদি ওজন কমাতে এখন অনেকেই নানা রকম ডায়েট করেন। তাতে পুষ্টি অধরা থেকে যায়। চিকিৎসকেরা বলছেন, এই ধরনের ডায়েটগুলির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়া বাড়তে পারে। আবার ওজন কমানোর ওষুধ বেশি পরিমাণে খেলেও এমন হতে পারে। ক্যানসারের চিকিৎসা বা হরমোন থেরাপি যাঁরা করাচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও টেলোজেন এফ্লুভিয়াম হওয়ার ঝুঁকি বেশি।