cooking tips

চিঁড়ের পোলাও রাঁধতে গেলেই মণ্ড হয়ে যায়? কী ভাবে বানালে ঝরঝরে হবে শেখালেন রন্ধনশিল্পী রণবীর

অনেকে ইচ্ছে করলেও চিঁড়ের পোলাও বানানোর আগে দু’পা পিছিয়ে আসেন। কারণ একটাই, চিঁড়ের পোলাও বানাতে গিয়ে মণ্ড হয়ে গেলেই মুশকিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৯:৪৫
Share:

চিঁড়ের পোলাও ঝরঝরে করার কায়দা শেখালেন রণবীর। ছবি: সংগৃহীত।

পুষ্টিবিদদের মতে, প্রাতরাশ সারাদিনের খাবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য সকালের জলখাবারে পুষ্টিকর খাবার রাখার পরামর্শ বারেবারেই তাঁরা দিয়ে থাকেন। সকালে অফিস বেরোনোর তাড়ায় অনেকেই বুঝতে পারেন না কী খাওয়া উচিত। এ ক্ষেত্রে চিঁড়ের পোলাও কিন্তু ভাল বিকল্প হতেই পারে। বানাতে কম সময় লাগে আর পেট অনেক ক্ষণ ভরাও থাকে চিঁড়ের পোলাও খেলে। তবে অনেকে ইচ্ছে করলেও এই পদটি বানানোর আগে দু’পা পিছিয়ে আসেন। কারণ একটাই, চিঁড়ের পোলাও বানাতে গিয়ে মণ্ড হয়ে গেলেই মুশকিল।

Advertisement

চিঁড়ের পোলাওয়ের ক্ষেত্রে কী ভাবে চিঁড়ে ধুচ্ছেন সেটা ভীষণ জরুরি। চিঁড়ে শক্ত থাকলেও খেতে ভাল লাগবে না, আবার বেশি নরম হয়ে গেলেও স্বাদ বিগড়ে যায়। কী ভাবে ঝরঝরে চিঁড়ের পোলাও বানাবেন, শিখিয়ে দিলেন রন্ধনশিল্পী রণবীর ব্রার।

রণবীরের মতে, চিঁড়ের পোলাও বানানোর সময়ে পালতা চিঁড়ে নেওয়া চলবে না। এ ক্ষেত্রে সব সময় মোটা চিঁড়েই ব্যবহার করতে হবে। চিঁড়ে জলে খুব বেশি ক্ষণ ধোয়াও চলবে না।

Advertisement

কী ভাবে চিঁড়ে ধোয়া উচিত?

একটি পাত্রে পরিমাণ মতো চিঁড়ে নিয়ে তা জলের তলায় রেখে হাত দিয়ে মিনিট খানেক ধুয়ে নিন। এ বার ছাঁকনি নিয়ে ময়লা জলটি ফেলে দিয়ে ছাঁকনির গায়ে চিঁড়েগুলি ছড়িয়ে ছড়িয়ে রেখে দিন। এতে জল ভাল ভাবে ঝরে যাবে। এই পদ্ধতিতে চিঁড়ে ধুলে কখনওই মন্ড হবে না। চিঁড়ের পোলাও রান্নার সময়ে সব্জিগুলি ভাজার পর একদম শেষে কড়াইতে চিঁড়ে দিন। চিঁড়ে খুব বেশি ভেজে ফেললে কিন্তু শক্ত হয়ে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement