Amchur Usage

সব্জি থেকে চাটনি, আমচুরের ছোঁয়ায় স্বাদ হোক অনবদ্য, কোন খাবারে কী ভাবে ব্যবহার করবেন

কাঁচা আম শুকিয়ে তা গুঁড়ো করে তৈরি হয় আমচুর পাউডার। কিন্তু কোন খাবারে কী ভাবে মেশাবেন আমচুর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ২০:০৯
Share:

আমচুর কী ভাবে মেশাবেন, কোন খাবারে? ছবি:সংগৃহীত।

শাকসব্জি, তরিতরকারি বড্ড একঘেয়ে লাগছে? সামান্য একটু আমচুরের ছোঁয়াতেই স্বাদ বদল হতে পারে। কাঁচা আম শুকিয়ে তা গুঁড়ো করে তৈরি হয় আমচুর পাউডার। ডাল হোক বা ভাজাভুজি, এক চিমটি ছড়িয়ে দিলেই ভুরভুর করে ওঠে গন্ধ। শুধু টক স্বাদ নয়, গন্ধের জন্যও এর সমাদর। কিন্তু কোন খাবারে কী ভাবে মেশাবেন আমচুর?

Advertisement

ডাল:অড়হর ডাল থেকে মুগ, ছোলা, মটর ডাল রান্নার শেষে ছড়িয়ে দিতে পারেন আমচুর পাউডার। পেঁয়াজ, লঙ্কা, আদাবাটা কষানোর সময়ে ছড়িয়ে দিন আমচুর। হালকা টক স্বাদের সঙ্গে আমের মিষ্টি বাস ছড়িয়ে পড়বে। অরুচির মুখেও ভাল লাগবে এমন ডাল।

ভাজাভুজি: আলু, ঢেঁড়স, বিভিন্ন রকম সব্জি মিশিয়ে ভাজাভুজি সব বাড়িতেই হয়। ফোড়ন দেওয়ার সময়ে তেলে দিন আমচুর পাউডার। সাধারণ ভাজাই সুস্বাদু হয়ে উঠবে। স্বাদ বদলও হবে।

Advertisement

মশলা: পনির হোক বা মুরগির কবাব, মশলা মাখিয়ে রাখতে হবে। মশলা তৈরির সময়ে যোগ করুন ১ টেবিল চামচ আমচুর পাউডার। কবাবে হালকা টক স্বাদ, সঙ্গে মিঠে বাস আসবে।

চাটনি: পুদিনা-ধনেপাতার চাটনির সঙ্গে মিশিয়ে দিন আমচুর পাউডার। এ ছাড়া, আমচুর পাউডার, গুড়, নুন, জল দিয়ে গুলেও টক-মিষ্টি চাটনি তৈরি করা যায় যা আলুকাবলি, চাটে ব্যবহার করা যেতে পারে।

স্ন্যাক্স: পিৎজ়ায় হার্বসের বদলে আমচুর দিয়েও দেখতে পারেন। চিকেন পকোড়া থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে আমচুর পাউডার ছড়িয়ে দিলে মন্দ হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement