গরমে গাছ বাঁচানোর নয়া কৌশল। ছবি: সংগৃহীত।
বাইরে বেড়াতে যাবেন, কিন্তু চিন্তা বাগান নিয়ে! গরমে নিয়ম করে জল না দিলে গাছ বাঁচবে কী করে? তার জন্য অবশ্য নানা রকম কৌশল আছে। তবে সে সব ব্যবস্থা করাও তো খানিক ঝক্কির।
বদলে কাজে আসতে পারে খড়ের মালচিং। মালচিং হল বৈজ্ঞানিক উপায়ে গাছের গোড়ার মাটি জৈব বা অজৈব উপাদান দিয়ে ঢেকে দেওয়া। মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং আগাছা দমনে এই প্রক্রিয়া খুবই সহায়ক। বাড়িতে বেশ কয়েকটি দিন না থাকলে এই মালচিং প্রক্রিয়ার সাহায্যই নিতে পারেন। টবের উপর পুরু করে খড়ের আস্তরণ দিয়ে যান। এতেই মিলবে তিন উপকার।
১। খড়ের আস্তরণ মাটির তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। মাটির আর্দ্রতাও এতে বজায় থাকে। গাছে জল দিলেও তাপের কারণে তা দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। তবে খড়ের আস্তরণই এমন সমস্যার সমাধান করতে পারে। মাটিতে থাকা জল বাষ্পীভবনে বাধা দেয় খড়। ফলে জল শুকিয়ে যায় না। ভিজে মাটি থেকে গাছ প্রয়োজনীয় জল শুষে নিতে পারে।
২। খড় তাপরোধী। প্রবল ঠান্ডায় যেমন তা গাছকে রক্ষা করতে পারে, তেমনই গরমের হাত থেকেও বাঁচাতে পারে। খড়ের আস্তরণ মাটির তাপ ধরে রাখে। বাইরের তাপ প্রবেশে বাধা দেয়। ফলে প্রবল গরমেও গাছ শুকিয়ে যায় না।
৩। বেশ কয়েকটি দিন টবের মাটি না পরিষ্কার করলে, আগাছা জন্মায়। তা থেকেও সুরক্ষা দেয় খড়ের বর্ম। মাটির উপর জৈব উপাদানের আচ্ছাদন থাকলে মাটিতে আগাছা গজাতে পারে না। আগাছা মূল গাছের পুষ্টিতে ভাগ বসায়। তা ছাড়া অপ্রয়োজনীয় গাছপালা ছাঁটারও ঝক্কি কম নয়।