গরমের জন্য বাগান প্রস্তুত করার সময় কোন বিষয় মাথায় রাখা দরকার? ছবি: এআই সহায়তায় প্রণীত।
চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়ার মরসুম এবার শেষের পথে। বাগান এবার সাজবে গ্রীষ্মের ফুলে। তবে তার জন্যও দরকার প্রস্তুতি। শীত বিদায়ের সময় কী ভাবে পরের ঋতুর জন্য তৈরি করবেন বাগান? কোন কাজগুলি করা প্রয়োজন?
চারা: শীতের মরসুমের শুকিয়ে যাওয়া ফুলগুলি এখন কেটে ফেলার সময় হয়েছে। আবার ডালিয়া, চন্দ্রমল্লিকার শুকনো গাছগুলি থেকে নতুন চারা তৈরি করার জন্যও এই সময়টাই আদর্শ। চন্দ্রমল্লিকা ফুল ফুটে শুকিয়ে গেলে কাঁচির সাহায্যে সেগুলি ডাঁটি-সহ কেটে ফেলতে হবে। শুকনো ফুল এক ইঞ্চি ডাঁটি-সহ কেটে পরিষ্কার করে নিলে সেখান থেকে ধীরে ধীরে নতুন শাখা গজাবে।
মাটি: গাঁদা, ডালিয়ার শুকিয়ে যাওয়া গাছগুলি উপড়ে ফেলে পরের ঋতুর জন্য মাটি তৈরির প্রস্তুতি নিতে পারেন। টব থেকে মাটি বার করে নিন। তাতে প্রয়োজনমতো কোকোপিট, গোবর বা জৈব সার মিশিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারেন। মাটিগুলি ঝুরো করে আবার নতুন করে টবে ভরতে হবে। এতে পরের পর্বে চারা রোপণ করতে সুবিধা হবে।
নিষ্কাশন: ফুলের গাছ হোক বা সব্জির গাছ— গাছের গোড়ায় জল জমলেই ক্ষতি। টবে মাটি আটকে এর জল নিষ্কাশন পদ্ধতি দুর্বল হয়ে পড়ে। সে কারণে মাটি খুঁড়ে আলগা করে দিন। টবের নীচের ছিদ্রমুখগুলিও পরিষ্কার করে ফেলা জরুরি।
আগাছা: টবে বা বাগানে আগাছা বেড়ে উঠলে সেগুলি ছেঁটে দিন। তা ছাড়া, ফুল-ফলের গাছকে ছোট কিন্তু ঝোপের মতো আকার দিতে হলে সঠিক কায়দায় ডাল ছাঁটতে হয়। এমন কোনও গাছ থাকলে, তার ডালপালা ছেঁটে নিন।
পোকার হানা: পোকার হানা থেকে গাছ বাঁচাতে মাঝেমধ্যে জীবাণুনাশক স্প্রে করা প্রয়োজন। রাসায়নিক কীটনাশকের বদলে প্রয়োজন মতো সাবান জল, নিম তেল জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে।
অবস্থান বদল: শীতে যে ভাবে বাগানে রোদ আসে, গরমে তার দিক পরিবর্তন হয়। প্রয়োজন বুঝে টবের অবস্থান অদল-বদল করে নিতে পারেন।