ওয়াশিং মেশিনে কম্বল, লেপ কী ভাবে কাচবেন, যাতে জিনিসটি নষ্ট না হয়ে যায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।
শীতে ব্যবহারের পর কম্বল না কেচেই তুলে দিচ্ছেন? এতে কিন্তু জিনিসটি নষ্টও হতে পারে। তা ছাড়া, পরিচ্ছন্নতার দিকে দিয়েও ঠিক নয়। এমনিতে লেপ-কম্বল ভারী বলে তা হাতে কাচা কঠিন। তা হলে কি তা কাচা যাবে ওয়াশিং মেশিনেও?
১। কোন ধরনের উপকরণে লেপ বা কম্বলটি তৈরি তা দেখে নিতে হবে। ইলেকট্রিক বা বৈদ্যুতিন, কো্নও ভাবেই তা কাপড়কাচার যন্ত্রে দেওয়া চলবে না। তা ছাড়া, কম্বল বেশি বড় এবং ভারী হলেও এই ভাবে কাচা কষ্টকর। তবে হালকা কম্বল ওয়াশিং মেশিনে কেচে নেওয়া যায়। কাচার আগে ট্যাগ দেখে নিন, তা মেশিনে কাচার উপযোগী কি না।
২। কম্বলের ভাঁজ খুলে সাবধানে সেটি মেশিনে ভরে দিন।ময়লা বেশি হলে, সেটি কিছু ক্ষণ ভিজিয়ে রাখা ভাল। ঠান্ডা জলে কাচলে ভাল। অনেক কম্বলই গরম জলে কাচলে কুঁচকে যায়। ওয়াশিং মেশিনে ভারী জিনিস কাচার ‘মোড’ চালু করুন এবং সেটি ভিজিয়ে রাখার বোতাম টিপুন।
৩। কম্বল কী ভাবে কাচা হবে তার ‘স্পিন’-এর মাত্রা অনেক মেশিনে নির্দিষ্ট করে দেওয়া যায়। হালকা স্পিনের মোডটি চালু রাখুন, যাতে কম্বলের উপর চাপ বেশি না পড়ে। অনেক ক্ষণ কম্বলটি সাবান জলে ভিজিয়ে রাখলে ময়লা উঠতে সুবিধা হবে।
৪। কম্বল কাচার সময় উলের জিনিস কাচার তরল সাবান ব্যবহার করুন। বেশি ক্ষারযুক্ত সাবান দিলে রং চটে যেতে পারে, কম্বলের লোম খরখরে হয়ে যেতে পারে।
৫। কম্বল শুকিয়ে নিয়ে হাওয়ায় মেলে দিন। চড়া রোদে না দেওয়াই ভাল, এতে রং নষ্ট হতে পারে। ভাল হয় যদি বড় তোয়ালের উপর শুকোতে দেন।