প্রেশার কুকারে ডাল রান্নার নয়া কৌশল! ছবি: সংগৃহীত।
ভারতের যে কোনও রাজ্যের খাদ্যসংস্কৃতিতেই ডাল খুব জনপ্রিয়। রুটি, ভাত— সব কিছুর সঙ্গেই খাওয়া হয় বলে নিয়মিত তা রাঁধতে হয়। ডাল রান্নার সহজ উপায় হল, ডাল ভিজিয়ে রাখার পরে প্রেশার কুকারে তা সেদ্ধ করে নেওয়া। এতে সময় যেমন কম লাগে, তেমনই ডাল রান্নাও হয় তাড়াতাড়ি। তবে ডাল রাঁধতে গেলে অনেক সময়ই প্রেশার কুকারের ঢাকনার মাঝের অংশে থাকা সেফটি ভাল্ভ উপচে বেরিয়ে আসে। নোংরা হয় কুকারটির গা, ছড়িয়ে পড়ে গ্যাস অভেনেও। এমন সমস্যার সমাধান হতে পারে খুব সহজেই। ডালে মেশান একটি উপকরণ।
ডাল সেদ্ধ করার সময় হলুদ, নুন এবং জল যোগ করা হয়। এর সঙ্গে মিশিয়ে দিন কয়েক ফোঁটা খাওয়ার তেল। আরও ২-৩ ফোঁটা তেল ঢেলে সেফটি ভাল্ভ লাগানোর ছিদ্রে। এতে সেফটি ভাল্ভ ঠিক ভাবে কাজ করবে, দেখা যাবে, সিটি পড়ছে ঠিকমতো। ডাল রান্নার সময় উপচে বেরিয়ে আসছে না।
আর যে বিষয়ে নজর দেবেন
· প্রেশার কুকারের ঢাকনায় থাকা কালো রাবার গ্যাসকেটটি আলগা হয়ে গেলে বা সঠিক অবস্থানে না থাকলে সেখান দিয়েও ডাল বেরিয়ে আসতে পারে। দেখে নিন, সেটি শক্তপোক্ত আছে কি না।
· ডাল সেদ্ধ করার সময় ডাল এবং জলের পরিমাণ বেশি থাকলেও, অতিরিক্ত চাপে ভাল্ভ আলগা হয়ে ডাল বেরিয়ে এসে আশপাশ নোংরা হতে পারে।
· গ্যাসকেটের পাশাপাশি সেফটি ভাল্ভ বা যে অংশ দিয়ে সিটি পড়ে, সেটি ভাল করে পরিষ্কার করা দরকার। এর মধ্যে ময়লা জমলেও রান্নায় অসুবিধা হতে পারে।