Breakup Consultant to end relationships

খোঁজ শুরু বিচ্ছেদ করানোয় পারদর্শী ‘ব্রেকআপ কনসালট্যান্ট’-এর! মাসে পারিশ্রমিক প্রায় আড়াই লক্ষ টাকা

‘তু ঝুঠী ম্যাঁয় মক্কার’ ছবিতে মিকি (রণবীর কপূর) ও তার বন্ধু দাবাস (অনুভব সিংহ বস্সী) গোপনে ‘ব্রেকআপ কনসালট্যান্ট’ হিসেবে কাজ করে। বাস্তবেও ‘ব্রেকআপ কনসালট্যান্ট’-এর চাকরি আছে। কী কী কাজ করতে হবে তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৫:১৯
Share:

‘তু ঝুঠী ম্যাঁয় মক্কার’ ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত।

সম্পর্কে কোনও রকম সমস্যা হলে আমরা কাউন্সেলরের কাছে যাই সমস্যার সমাধান খুঁজতে। তবে ব্রেকআপ বা বিচ্ছেদের জন্যও যদি পরামর্শদাতা পাওয়া যেত, তা হলে কত-না ভাল হত! অনেকেই হয়তো এমন ভাবেন। বাজারে কিন্তু এমন চাকরি সত্যিই আছে। কী ভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, সেই পরামর্শই দেবেন সেই ব্যক্তি।

Advertisement

বছরকয়েক আগে মুক্তি পাওয়া ‘তু ঝুঠী ম্যাঁয় মক্কার’ ছবিতে মিকি (রণবীর কপূর) ও তার বন্ধু দাবাস (অনুভব সিংহ বস্সী) গোপনে ‘ব্রেকআপ কনসালট্যান্ট’ হিসাবে কাজ করে। এমন বিষয় নিয়ে ছবি তার আগেও এসেছিল, যার নাম ‘জোড়ী ব্রেকার্স’। তাতে অভিনয় করেন বিপাশা বসু এবং মাধবন। বাস্তবেও কিন্তু ‘ব্রেকআপ কনসালট্যান্ট’-এর চাকরি আছে। বিশ্বব্যাপী ডেটিং প্ল্যাটফর্ম ‘ডেটিং ডট কম’ সেই কাল্পনিক পদটিকে বাস্তবে রূপ দিয়েছে এবং পদটির নাম দিয়েছে ‘চিফ ব্রেকআপ অফিসার’ (সিবিও)। গত বছর বেঙ্গালুরুভিত্তিক একটি কোম্পানিও ‘চিফ ডেটিং অফিসার’ নিয়োগের জন্য এমন একটি অভিনব পদের কথা ঘোষণা করেছিল। তবে নতুন এই পদটি মূলত মানুষকে ব্রেকআপ বা সম্পর্ক ভাঙার কঠিন পরিস্থিতিও কাটিয়ে উঠতেও সাহায্য করবে।

চিফ ব্রেকআপ অফিসারের কাজটা ঠিক কী?

Advertisement

ডেটিং প্ল্যাটফর্মটি তাদের প্রথম ‘সিবিও’ বা চিফ ব্র্যান্ড অফিসারের জন্য এমন ব্যক্তি খুঁজছে, যিনি আবেগে না ভেসে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারেন। সেই ব্যক্তিকে খুব ভাল ভাবে কথা বলতে জানতে হবে এবং আধুনিক ডেটিং ট্রেন্ড সম্পর্কে তাঁর গভীর জ্ঞান থাকতে হবে। বেশির ভাগ সময়েই অনেকেই বিচ্ছেদ করতে চাইলেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন না। বিষয়টিকে খুব বেশি জটিল না করেই কী ভাবে খুব সহজে সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, আপনাকে সেই পরামর্শই দেবেন সিবিও। আবার বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে উঠতেও সিবিও আপনাকে সাহায্য করবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদের জন্য তাঁরা মাসে ৩০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা) পারিশ্রমিক দেবে।

আদৌ কি এমন কোনও ব্যক্তির প্রয়োজন আছে?

ডেটিং সাইটটি একটি গবেষণার উল্লেখ করে জানিয়েছে যে, সম্পর্ক শেষ হওয়ার সময় জেন জ়ি এবং মিলেনিয়াল প্রজন্মের ৮৪ শতাংশ মানুষই ‘ঘোস্টিং’-এর (হঠাৎ কোনও যোগাযোগ ছাড়াই সম্পর্ক বিচ্ছিন্ন করা) শিকার হয়েছেন। তাঁরা হয়তো স্পষ্ট কথা বলে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ভয় পাচ্ছেন অথবা কী ভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, সেই পথটাই তাঁদের কছে অস্পষ্ট। ডেটিং প্ল্যাটফর্মটির লক্ষ্য হল সম্পর্কের সমাপ্তি বা বিচ্ছেদের ক্ষেত্রে আরও বেশি সহমর্মিতা ও সংবেদনশীলতা নিয়ে আসা। সম্পর্কের শেষটা সুষ্ঠ ভাবে হওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement