মাছ ভাজতে গিয়েই যত বিপত্তি। ছবি: সংগৃহীত।
রান্না করতে গিয়ে একটু আধটু তেল ছিটকে আসবে না, তা আবার হয় নাকি! তবে এই তেল ছিটকে আসার কারণে যেমন হেঁশেলের অবস্থা খারাপ হয়ে যায়, অপরিষ্কার দেখায়, তেমনই গায়ে গরম তেলের ছিটে এসে লাগলে বড়সড় দুর্ঘটনার ঝুঁকিও থেকেই যায়। বাঙালি বাড়িতে মাছ রান্না হবেই। আর সেই মাছ ভাজতে গিয়েই তেলের ছিটে গায়ে এসে পড়েনি, এমন সৌভাগ্য খুব কম রাঁধুনীরই হয়েছে। তবে রান্নাঘরে এমন কিছু টোটকা আছে, যেগুলি জানা থাকলে এমন সমস্যার হাত থেকে রেহাই পেতে পারেন।
১) যে কোনও খাবারে জল থাকলে তা গরম তেলে দেওয়া মাত্রই তা থেকে তেলের ছিটে বাইরে আসবে। তাই সব্জি, পনির হোক বা মাছ-মাংস, তেলে দেওয়ার আগে তাতে যেন খুব বেশি জল না থাকে, সে দিকে খেয়াল রাখুন। যতটা সম্ভব জল ঝরিয়ে কড়াইয়ে ঢালুন।
২) ডুবো তেলে কিছু ভাজাভুজি করতে গেলেই বেশি তেল ছিটকে আসে। এ ক্ষেত্রে তেল গরম করার পর তাতে একটু নুন ছড়িয়ে দিন তার পর তেলে খাবার দিন। নুন খাবারের আর্দ্রতা শোষণ করে নেয়। ফলে তেল ছিটকে আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
৩) তেলের তাপমাত্রা খুব বেশি থাকলে এমন সমস্যা বেশি হয়। তাই ভাজাভুজির আগে তেলের তাপমাত্রার বিষয়ে সতর্ক থাকুন। গ্যাসের আঁচ মাঝারি রাখুন।
৪) পাত্র বাছাইয়ের ঘেত্রে একটু সচেতন হলেও এমন দুর্ঘটনা এড়ানো যায়। ভাজাভুজির সময় ফ্ল্যাট ফ্রায়িং প্যানের বদলে কানা উঁচু কড়াই ব্যবহার করলে তেল ছিটকে আসার সম্ভাবনা কম।
৫) একসঙ্গে অনেক খাবার তেলে ছেড়ে দিলে কিন্তু তেল ছিটকে আসে। বদলে কড়াইয়ের ধার বরাবর এক একটি করে খাবার তেলে ছাড়ুন। ঝুঁকি এড়াতে পারবেন তা হলে।