রেস্তরাঁয় বিজোড় সংখ্যায় খাবার পরিবেশন হয় কেন? ছবি: সংগৃহীত।
দু’জনে রেস্তরাঁয় যান বা বন্ধুরা মিলে, কোনও একটি বা দু’টি পিস ফিশ ফিঙ্গার, প্যান ফ্রায়েড ফিশ বা কর্ন বল নিয়ে ভাগাভাগি করতে হয়নি, এমন কেউ বোধ হয় নেই? দু’জনেই রেস্তরাঁয় যান বা ৪ জন, খাওয়ার থালায় স্টার্টার কেন ৪ বা ৬ পিস দেয় না, কখনও ভেবে দেখেছেন কি?
২ জন খেতে এসেছেন থালায় ২ বা চার পিসের খাবার পরিবেশন করলেই ঝামেলা কম হয়। কিন্তু বেশির ভাগ রেস্তরাঁয় দেখা যায়, স্ন্যাক্স বা স্টার্টার পরিবেশন হচ্ছে জোড় নয়, বিজোড় সংখ্যায়। কিন্তু কেন?
চার জনে মিলে রেস্তরাঁয় গেলে, তিন পিসের স্টার্টার অর্ডার দিলে, এক প্লেটে হবে না। আবার দু’প্লেট অর্ডার দিলেও ভাগাভাগির সমস্যা। নয়তো কাউকে কম খেতে হয়। এত ঝক্কির দরকার কী, মনে হতেই পারে। তবে রন্ধনশিল্প এবং খাবার সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব এবং রন্ধনশিল্পীরা জানাচ্ছেন, বিজোড় সংখ্যায় খাবার পরিবেশনের কারণ অন্য। চোখ এবং মনের সঙ্গে তা সম্পর্কিত। সেই কারণে, তাঁদের প্রশিক্ষণে এমন ভাবেই খাবার পরিবেশন করতে শেখানো হয়।
১। বিজোড় সংখ্যায় খাবার বিন্যাস, খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। থালা বা টেবিল সুন্দর দেখতে লাগে। এই ভাবে খাবার সাজালে থালায় বাড়তি জায়গাও মেলে, যা জোড় সংখ্যার খাবার পরিবেশনে হয় না। আসলে সংখ্যার এই ভারসাম্যহীনতাই থালা এবং খাবারটি দেখতে আকর্ষণীয় করে তোলে।
২। তিন বা পাঁচের মতে বিজোড় সংখ্যায় খাবার পরিবেশনের নেপথ্যে মনেরও ভূমিকা আছে। মনস্তত্ত্ব বলছে, এমন ভাবে খাবার সজ্জিত দেখলে খাওয়ার আগ্রহ বাড়ে। তা ছাড়া, দু’টির চেয়ে তিনটি ডিমের ডেভিল বা ট্যাকো থাকলে থালাটি তুলনামূলক বেশি ভরা রয়েছে বলে মনে হয়। অপ্রতিসম হলেও ভারসাম্য যুক্ত বলে মনে হয়।
৩। বিজোড় সংখ্যায় খাবার সাজালে নজর যায় মাঝের অংশে। তা ছাড়া, যে কোনও জিনিস জোড়ায় দেখতে অভ্যস্ত চোখ। ৪ বা ৬ এর বদলে ৫টি খাবার পরিবেশন করলে, চোখের পক্ষেও তা অন্য রকম লাগে।