Visa Free Policy for India

ব্যাঙ্কক-পটায়ায় আর নয় ভিসা-মুক্ত ভ্রমণ! ছুটি কাটাতে তাইল্যান্ড যেতে এ বার কী করবেন ভারতীয় পর্যটকেরা?

৬০ দিনের ভিসা-মুক্ত প্রবেশের নিয়ম এ বার পুরোপুরি পাল্টে ফেলেছে তাইল্যান্ড। ফলে বিনা নথিতে আর ব্যাঙ্কক-পটায়া ঘুরতে যেতে পারবেন না কোনও ভারতীয় পর্যটক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৭:৫৬
Share:
০১ ১৭

আর বিনা নথিতে ব্যাঙ্কক-পটায়া ভ্রমণ নয়! ভারতীয় পর্যটকদের ভিসার নিয়মে বড় বদল করল তাইল্যান্ড। গত প্রায় দু’বছর ধরে ‘ভিসা-মুক্ত’ রাষ্ট্রগুলির তালিকায় নয়াদিল্লিকে রেখেছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ। সেই নীতি পাল্টে যাওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে এখানকার পাসপোর্টের গুরুত্ব হ্রাস পাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সাবেক কূটনীতিকদের একাংশ।

০২ ১৭

সম্প্রতি, ভারত-সহ ৯৩টি দেশ এবং অঞ্চলের ভিসা-মুক্ত সুবিধা বাতিলের প্রস্তাবে অনুমোদন দেয় তাইল্যান্ড মন্ত্রিসভা। ব্যাঙ্ককের দাবি, ভিসার শ্রেণিবিভাগকে সহজ ও পুনর্বিন্যাসের বৃহত্তর উদ্যোগের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সংশোধিত ব্যবস্থায় বিদেশিদের প্রবেশের নিয়ম আরও স্পষ্ট করার উপর জোর দিয়েছে তারা।

Advertisement
০৩ ১৭

চলতি বছরের ১৯ মে ভারত-সহ বিদেশি নাগরিকদের ভিসা ছাড়া প্রবেশাধিকার বাতিলের উপর সিলমোহর দেয় তাইল্যান্ড মন্ত্রিসভা। সেই জায়গায় গন্তব্য পৌঁছোনোর পর ভিসা প্রাপ্তি বা ‘ভিসা অন অ্যারাইভাল’-এর সুবিধা চালু করেছে দক্ষিণ-পূর্ব দেশটির প্রশাসন। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট ইস্যুতে ব্যাঙ্কক বিদেশ মন্ত্রকের কনস্যুলার বিষয়ক বিভাগকেও বিবৃতি দিতে দেখা গিয়েছে।

০৪ ১৭

তাইল্যান্ড জানিয়েছে, বিশেষ একটি নীতির উপর ভিত্তি করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হল, ‘একটি দেশ, একটি ভিসার সুবিধা’। এর মাধ্যমে বিদেশি পর্যটকদের জন্য আরও স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ মানদণ্ড প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তবে হঠাৎ কেন এই নীতি নেওয়ার প্রয়োজন হল, তার কোনও ব্যাখ্যা দেয়নি ব্যাঙ্কক।

০৫ ১৭

তাই সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এ বার থেকে ৬০ দিনের ভিসা-মুক্ত প্রদেশের সুবিধা পাবে না কোনও দেশ। সেই জায়গায় চালু হচ্ছে ৩০ দিনের ভিসাছাড় প্রকল্প। এই সুবিধা পাবে ৫৪টি রাষ্ট্র। আগে ৫৭টি দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই যেতে পারতেন ব্যাঙ্কক। এ ছাড়া তিনটি দেশের জন্য ১৫ দিনের ভিসা-মুক্ত প্রবেশের নিয়ম চালু থাকবে বলে জানা গিয়েছে।

০৬ ১৭

অতীতে ৩১টি দেশকে গন্তব্যে পৌঁছোনোর পর ভিসা বা ভিসা অন অ্যারাইভাল শ্রেণিতে রেখেছিল তাই সরকার। সংশোধিত নিয়মে সেটা কমিয়ে মাত্র চারে নামিয়ে এনেছে ব্যাঙ্কক। এই নিয়ে খুব দ্রুত একটি গেজেট প্রকাশ করবে সেখানকার রাজপরিবার। তার ১৫ দিন পর নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে জানা গিয়েছে।

০৭ ১৭

বিশ্লেষকদের দাবি, পর্যটনের বিকাশ এবং আর্থিক লাভের কথা মাথায় রেখে বিদেশিদের জন্য ৬০ দিনের ভিসা-মুক্ত প্রবেশের নিয়ম চালু করে তাইল্যান্ড। কিন্তু এর জেরে পরবর্তী কালে প্রশ্নের মুখে পড়ে জাতীয় সুরক্ষা। পাশাপাশি অবৈধ ব্যবসার বাড়বাড়ন্ত এবং আন্তঃসীমান্ত অপরাধ ব্যাঙ্ককের মাথাব্যথার কারণ হয়ে ওঠে। ফলে নিয়ম বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করেন সেখানকার প্রশাসনিক কর্তাব্যক্তিরা।

০৮ ১৭

কিছু দিন আগে এ ব্যাপারে গণমাধ্যমের কাছে মুখ খোলেন তাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সুরাসাক ফানচারোয়েনওরাকুল। তিনি বলেন, ‘‘পর্যটক সংখ্যা কমানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ আর্থিক মুনাফার পাশাপাশি নিরাপত্তাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা গুণমানে ভাল পর্যটকদের আকর্ষণ বাড়াতে চাই, বাকিদের নয়।’’

০৯ ১৭

ব্যাঙ্ককের বিদেশ মন্ত্রক জানিয়েছে, যাঁরা পুরনো ভিসা-মুক্ত নীতিতে তাইল্যান্ডে এসে গিয়েছেন, তাঁদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হবে না। তবে সংশোধিত নীতি কার্যকর হলে পর্যটকদের ভিসাছাড়ের বিভাগে আবেদন করতে হবে। ই-ভিসা ব্যবস্থার মাধ্যমেও তাঁরা আবেদন করতে পারবেন।

১০ ১৭

২০২৪ সালের জুলাইয়ে ৬০ দিনের ভিসা-মুক্ত দেশের তালিকায় ভারতকে যুক্ত করে তাইল্যান্ড। ওই মেয়াদ শেষ হয়ে গেলে আরও ৩০ দিনের জন্য আবেদন করতে পারতেন এ দেশের নাগরিকেরা। সেই আর্জিও মঞ্জুর করত ব্যাঙ্কক, যা এ বার পুরোপুরি বাতিল করেছে তারা।

১১ ১৭

নতুন নিয়মে তাইল্যান্ডে পৌঁছে ভারতীয় পর্যটকদের নিতে হবে ভিসা। বিমানবন্দরের অভিবাসন দফতর থেকে ওই নথি সংগ্রহ করবেন তাঁরা। এতে শ্রেণিতে সর্বোচ্চ ১৫ দিন থাকার অনুমতি দিচ্ছে ব্যাঙ্কক। ফলে আগামী দিনে স্বল্প মেয়াদে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ঘোরাঘুরি করে খুশি থাকতে হবে এখানকার ভ্রমণপিপাসুদের।

১২ ১৭

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ৫৪টি দেশকে ৩০ দিনের ভিসাছাড়ের সুবিধা দিচ্ছে তাইল্যান্ড। সেই তালিকায় অবশ্য নাম নেই ভারতের। এই সুবিধা পাবে অস্ট্রেলিয়া, ইউক্রেন, ইজ়রায়েল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান (রিপাবলিক অফ চায়না), অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ইটালি, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া, তুরস্ক, বাহারিন, ফ্রান্স, জাপান, নিউ জ়িল্যান্ড, স্লোভেনিয়া, ফিজ়ি, বেলজিয়াম, জর্জিয়া, জর্ডন, নরওয়ে ও সৌদি আরব।

১৩ ১৭

তাইল্যান্ডের ৩০ দিনের ভিসাছাড়ের সুবিধাপ্রাপ্ত বাকি দেশগুলি হল স্পেন, ভুটান, জার্মানি, কুয়েত, ওমান, সাউথ আফ্রিকা, ব্রুনেই, গ্রিস, কিরগিজ়স্তান, ফিলিপিন্স, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, হাঙ্গেরি, লাটভিয়া, পোল্যান্ড, সুইডেন, চেকিয়া, আইসল্যান্ড, লিস্টেনস্টাইন, পর্তুগাল, সুইৎজ়ারল্যান্ড, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, লিথুয়ানিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, রোমানিয়া এবং ব্রিটেন।

১৪ ১৭

নতুন নিয়মে মাত্র তিনটি দেশকে ১৫ দিনের জন্য ভিসা ছাড়া প্রবেশাধিকার দিচ্ছে তাই সরকার। সেগুলি হল, সেশেল্‌স, মলদ্বীপ ও মরিশাস। এ ছাড়া গন্তব্যে পৌঁছোনোর পর ভিসা পাওয়ার শ্রেণিতে আছে আজ়ারবাই‌জান, বেলারুশ, সার্বিয়া ও ভারতের মতো চারটি রাষ্ট্র। পাশাপাশি, ৯০ দিনের পারস্পরিক ভিসা অব্যাহতি শ্রেণিতে আর্জেন্টিনা, পেরু, চিলি, ব্রাজ়িল এবং দক্ষিণ কোরিয়াকে (রিপাবলিক অফ কোরিয়া) রেখেছে ব্যাঙ্কক।

১৫ ১৭

তাইল্যান্ডের পারস্পরিক ভিসা অব্যাহতির আরও দু’টি শ্রেণিবিভাগ রয়েছে। এর প্রথমটি ৩০ দিনের। সেখানে চিন, হংকং, রাশিয়া, লাওস, ম্যাকাও, তিমুর-লেস্তে এবং কাজ়াখস্তানকে অন্তর্ভুক্ত করেছে ব্যাঙ্কক। ১৪ দিনের পারস্পরিক ভিসা অব্যাহতিতে নাম রয়েছে কম্বোডিয়া এবং মায়ানমার বা সাবেক বর্মা মুলুকের। শেষ শ্রেণিতে শুধুমাত্র আকাশপথে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা।

১৬ ১৭

হেনলি পাসপোর্ট সূচকের প্রকাশিত তালিকায় বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে ৭৭-৭৮ স্থানে ঘোরাফেরা করছে ভারত। মোট ৫৬টি দেশে ভিসা-মুক্ত বা গন্তব্যে পৌঁছোনোর পর ভিসা পেয়ে থাকেন এ দেশের নাগরিকোরা। গত কয়েক বছর ধরে এই সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

১৭ ১৭

সাবেক কূটনীতিকদের কথায়, নতুন নিয়মে ভিসা-মুক্ত শ্রেণি থেকে সরিয়ে গন্তব্যের পৌঁছোনোর পর ভিসা শ্রেণিতে ভারতকে রেখেছে তাইল্যান্ড। এটা দিল্লির জন্য একেবারেই ভাল উদাহরণ নয়। ব্যাঙ্কক ভিসার প্রথম শ্রেণিতে প্রবেশের জন্য আগামী দিনে কেন্দ্র কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।

ছবি: সংগৃহীত ও প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement