Iran Visa in FIFA World Cup

দেশসেবায় ফৌজে থাকাই কাল, জঙ্গিগোষ্ঠীর তকমা সেঁটে বিশ্বকাপে ইরানকে নাকানিচোবানি খাওয়াচ্ছে আমেরিকা!

মার্কিন জঙ্গিগোষ্ঠীর তালিকায় নাম আছে ইরানি আধাসেনা আইআরজিসির। সেখানে আবার কর্মরত ছিলেন তেহরানের একগুচ্ছ ফুটবলার ও সাপোর্ট স্টাফ। এর জেরে বিশ্বকাপের ম্যাচ খেলার পর এক ঘণ্টার মধ্যেই আমেরিকা ছাড়তে হবে তাঁদের। ভিসা দেওয়ার ক্ষেত্রেও তৈরি হয়েছে জটিলতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:৫৮
Share:
০১ ১৮

যুদ্ধ ছেড়ে শান্তি সমঝোতার পথে ইরান-আমেরিকা। পশ্চিম এশিয়ার লড়াইয়ে আপাতত ইতি টানার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্রের ঝনঝনানি থামলেও দুই শত্রুর সংঘাতকে কেন্দ্র করে পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপে চড়ছে পারদ। আয়োজক দেশ হওয়ার সুবাদে তেহরানের খেলোয়াড়দের বিপাকে ফেলেছে ওয়াশিংটন, যা নিয়ে ক্রীড়াপ্রেমীদের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাদের।

০২ ১৮

এ বার মোট তিনটি দেশ মিলে আয়োজন করেছে ফিফা বিশ্বকাপ। সেগুলি হল, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। গ্রুপ পর্যায়ে ইরানের প্রতিটি খেলা পড়েছে যুক্তরাষ্ট্রে। তা সত্ত্বেও তেহরানের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের দেশে ঢুকতে দিচ্ছে না আমেরিকা। তাঁদের থাকার বন্দোবস্ত হয়েছে মেক্সিকোর হোটেলে। সেখান থেকে ম্যাচের দিন মার্কিন মুলুকে আসবেন তাঁরা। খেলা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের।

Advertisement
০৩ ১৮

রবিবার, ১৫ জুন নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরান-আমেরিকা শান্তি সমঝোতার ঘোষণা করেন ট্রাম্প। তার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখে তেহরানের ফুটবল দল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে তাঁরা। শত্রুরাষ্ট্রে পৌঁছেই গণমাধ্যমে মুখ খোলেন ইরানি কোচ আমির ঘালেনোয়েই। ভিসা সমস্যার কারণে প্রস্তুতি নিতে দেরি হয়েছে বলে জানিয়ে দেন তিনি।

০৪ ১৮

ফিফা বিশ্বকাপ খেলতে আসা ইরানের সঙ্গে আয়োজক দেশ আমেরিকার কেন এই ব্যবহার? ক্রীড়া বিশ্লেষকদের দাবি, এর নেপথ্যে রয়েছে জটিল ভূ-রাজনৈতিক অঙ্ক। তেহরানের সমস্ত ফুটবলারের রয়েছে সামরিক প্রশিক্ষণ। তাঁদের কয়েক জন আবার সাবেক পারস্যের আধাসেনা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরে (আইআরজিসি) কর্মরত ছিলেন, যাকে জঙ্গিগোষ্ঠীর তকমা দিয়েছে মার্কিন প্রশাসন।

০৫ ১৮

ইরানি আইনে বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত নাগরিকের সামরিক প্রশিক্ষণ। ১৮ থেকে ২৪ বছর বয়সিদের সেনা বা আইআরজিসিতে চাকরিও করতে হয় তাঁদের। কিছু ক্ষেত্রে অবশ্য ছাড় দিয়ে থাকে তেহরান প্রশাসন। অন্য দিকে, ২০১৯ সালে সাবেক পারস্যের সর্বোচ্চ নেতার (সুপ্রিম লিডার) নিয়ন্ত্রণাধীন আইআরজিসিকে জঙ্গিগোষ্ঠী বলে ঘোষণা করে আমেরিকা। ফলে নিষিদ্ধ হয় এর সদস্যদের যুক্তরাষ্ট্রে আগমন।

০৬ ১৮

বিশেষজ্ঞদের দাবি, দুই দেশের দু’রকম নিয়মের জেরে ফিফা বিশ্বকাপে ভুগতে হচ্ছে ইরানি খেলোয়াড়দের। উদাহরণ হিসাবে মেহদি তারেমির কথা বলা যেতে পারে। ৫০টির বেশি আন্তর্জাতিক গোল রয়েছে তেহরানের এই নির্ভরযোগ্য স্ট্রাইকারের। তাঁকে এশিয়ার অন্যতম সেরা ফুটবলার বললে অত্যুক্তি হবে না। এ-হেন তারেমি দু’বছর চাকরি করেছেন আমেরিকার জঙ্গিগোষ্ঠীর তালিকায় নাম থাকা আইআরজিসিতে।

০৭ ১৮

সাবেক পারস্যের বুশের শহরে রয়েছে আইআরজিসির আধাসেনার একটি নৌঘাঁটি। সূত্রের খবর, আইআরজিসিতে থাকাকালীন সেখানেই মোতায়েন ছিলেন তারেমি। একই কথা অধিনায়ক তথা অভিজ্ঞ লেফট ব্যাক এহসান হাজ়সাফির ক্ষেত্রেও সত্যি। ফুটবলারদের বাদ দিলে সাপোর্ট স্টাফদের অনেকেই আমেরিকার চোখে জঙ্গি তমকা পাওয়া বাহিনীতে ছিলেন। সেই কারণে বিশ্বকাপ সত্ত্বেও তাঁদের ভিসা দিতে গড়িমসি করেছে যুক্তরাষ্ট্র।

০৮ ১৮

বিশ্বকাপ খেলতে গিয়ে খেলোয়াড়দের যে ভিসা সমস্যার মুখে পড়তে হবে, তার আঁচ আগেই পেয়েছিল ইরানি ফুটবল সংস্থা। ফলে গত বছর থেকে এই ইস্যুতে সরব হয় তারা। অন্য দিকে, তেহরান প্রতিযোগিতায় যোগ দিক, তা একেবারেই চাননি ট্রাম্প। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেন তিনি। ফলে জটিল হয় পরিস্থিতি।

০৯ ১৮

শেষ পর্যন্ত বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফিফা। খেলা শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে তেহরানের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর করে ওয়াশিংটন। ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে আমেরিকা ত্যাগের শর্ত দেওয়া হয় তাতে। ট্রাম্প প্রশাসনের এই মনোভাব নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন মেক্সিকোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আবুলফজ়ল পাসান্দিদে।

১০ ১৮

এই পরিস্থিতিতে মেক্সিকোর তিজ়ুয়ানায় একটি প্রশিক্ষণ শিবির তৈরি করে ইরান। সেখানেই ফুটবলারদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছেন কোচ আমির। প্রতিযোগিতা চলাকালীন বার বার দুই দেশে যাতায়াত করতে হবে তাঁদের। এই ধকল সামলে তেহরানের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স করা যে বেশ কঠিন, তা মানছেন ক্রীড়াবিদদের প্রায় সকলেই।

১১ ১৮

ভিসা সমস্যার জেরে দলের উপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন ইরানি কোচ আমির। আমেরিকায় পৌঁছে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ভিসা পেতে দেরি হয়েছে। তাই সবার শেষে আমরা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে পেরেছি। শিবিরও বদলাতে হয়েছে। এতে ফুটবলারদের উপর চাপ পড়ছে। এই কথা অস্বীকার করা যায় না।’’

১২ ১৮

এই প্রতিবন্ধকতা সত্ত্বেও ট্রফি জেতার আশা ছাড়তে নারাজ ইরান। কোচ আমির বলেছেন, ‘‘আমরা এখানে ভাল খেলতে এসেছি। জিততে এসেছি। মাঠের বাইরে কী হচ্ছে, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। শুধু ফুটবল নিয়েই ভাবছি।”

১৩ ১৮

ইরান ও আমেরিকার মধ্যে চলা যুদ্ধ ও ভূ-রাজনৈতিক সঙ্কটের ছাপ খেলার মাঠে পড়ুক, তা অবশ্য চাইছেন না আমির। গণমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমরা রাজনীতির লোক নই। ফুটবলের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আমরা খেলতে এসেছি। ভাল ফল করাই আমাদের মূল লক্ষ্য।’’

১৪ ১৮

পাশাপাশি, এই ইস্যুতে মুখ খুলেছেন ইরানের তারকা ফুটবলার তারেমিও। তাঁর কথায়, ‘‘শুধু যে আমাদের সমস্যা হয়েছে, এমনটা নয়। আরও অনেক দেশ ভুগেছে। সোমালির রেফারিকে ঢুকতে দেওয়া হয়নি। বিশ্বকাপ খেলতে আসার পর থেকেই আমরা চাপে রয়েছি। সেটা সামলেই আমাদের খেলতে হবে।’’

১৫ ১৮

২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালীনও বিতর্কের মুখে পড়ে ইরান। ওই সময় ঠিকমতো হিজাব না পরার জন্য বছর ২২-এর তরুণী মাসা আমিনিকে মারধর করে তেহরানের নীতি পুলিশবাহিনী। কয়েক দিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার প্রতিবাদে উত্তাল হয় ওই উপসাগরীয় শিয়া মুলুক। সেই গণবিক্ষোভ থামাতে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে আইআরজিসির বিরুদ্ধে।

১৬ ১৮

মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে গোটা দেশ যখন জ্বলছে, তখনই কাতার বিশ্বকাপে যোগ দেয় ইরান। ওই সময়ে গ্যালারিতে মাসার নামের জার্সি পরে বহু দর্শককে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল। শেষপর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেন ফুটবলারেরাও। তাঁরা বলেন, ‘‘আমাদের দেশের কেউ ভাল নেই। সকলেই এখন কাঁদছে। এই পরিস্থিতিতে দুর্দান্ত খেলা উপহার দেওয়া একেবারেই সম্ভব নয়।’’

১৭ ১৮

চার বছর পর এ বারের বিশ্বকাপে ১৬ জুন, সোমবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ইরান। ভারতীয় সময় সকাল সাড়ে ছ’টায় যা সম্প্রচারিত হবে টিভিতে। তার আগে তেহরানের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট বাতিল হয়েছে বলে ফিফার বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এই নিয়ে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখাতে পারে তারা। আর তাই নিরাপত্তার কড়াকড়ি করেছে আমেরিকা।

১৮ ১৮

প্রসঙ্গত, সব প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাইছে ইরান। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী আমির। দলের কোচ বলেন, “দেরিতে খেলতে আসায় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় কম পেয়েছি। দু’বার শিবির বদলাতে হয়েছে। তবে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে জানি। দলের উপর আমার পুরো ভরসা রয়েছে।”

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement