Potato Korma

লুচির সঙ্গে চেনা আলুর দম, আলু চচ্চড়ির বাইরে কিছু রাঁধতে চান? আলু দিয়ে বানিয়ে ফেলুন কোর্মা!

আলু ছাড়া সাধের বিরিয়ানি আর রবিবার দুপুরের কচি পাঁঠার ঝোলও বিস্বাদ লাগে। তবে আলুকে চেনা ছকে না বেঁধে একটু অন্য রকম ভাবে খেলে আপত্তি কোথায়! আলুর কোর্মা সেই সুযোগ দেবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৪:২০
Share:

কোর্মা হবে আলু দিয়েও! ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাঙালির রোজের জীবনে আলু না থাকলে কী হত বলুন তো?

Advertisement

আলুভাজা, আলুভাতে, আলু চোখা, আলুর দম, আলু চচ্চড়ির স্বাদের অস্তিত্বই থাকত না জীবনে। পাঁঠার মাংসের ঝোলের আলু আর বিরিয়ানির আলুর কথাও ভুললে চলবে না। আলু নিজে ওই সব খাবারের মূল উপকরণ না হলেও তারাই হল বাড়তি আকর্ষণ, যাকে ছাড়া সাধের বিরিয়ানি আর রবিবার দুপুরের কচি পাঁঠার ঝোলও বিস্বাদ লাগে। তবে আলুকে চেনা ছকে না বেঁধে একটু অন্য রকম ভাবে খেলে আপত্তি কোথায়! আলুর কোর্মা সেই সুযোগ দেবে।

লুচি আর পরোটার সঙ্গে আলুর দম আর আলুর চচ্চড়ি খেতে খেতে যাঁরা কিছুটা হলেও ক্লান্ত, তাঁরা কোনও এক দিন সকালের জলখাবারে কিংবা বিশেষ নৈশভোজে ফুলকো লুচি বা নরম গরম পরোটার সঙ্গে সাজিয়ে দিন আলুর কোর্মা। কী ভাবে বানাবেন? শিখিয়ে দেওয়া হল।

Advertisement

কী ভাবে বানাবেন আলুর কোর্মা?

উপকরণ: ৪-৫টি বড় আলু (ডুমো করে কাটা)

১ কাপ টক দই (ভালো করে ফেটানো)।

১০-১২টি কাজুবাদাম

১ টেবিল চামচ পোস্ত

৪-৫টি কাঁচালঙ্কা

১ ইঞ্চি আদা

২টো তেজপাতা

২টো এলাচ

১ টুকরো দারচিনি

৩-৪টে লবঙ্গ

আধ চা চামচ শাহি জিরে

১ চা চামচ ধনেগুঁড়ো

১ চা চামচ জিরেগুঁড়ো

সামান্য গোলমরিচগুঁড়ো

স্বাদমতো নুন ও চিনি

রান্নার জন্য পরিমাণমতো সাদা তেল

দেড় টেবিল চামচ ঘি

১/৪ চা চামচ গরমমশলাগুঁড়ো

১ চা চামচ কসুরি মেথি

প্রণালী:

প্রথমে আলু ধুয়ে হালকা নুন মাখিয়ে লালচে করে ভেজে তুলে রাখুন।

কাজু, পোস্ত, কাঁচালঙ্কা এবং আদা সামান্য জল দিয়ে মসৃণ ভাবে বেটে নিন।

কড়াইয়ে তেল ও ১ টেবিল চামচ ঘি গরম করে তেজপাতা, গোটা গরমমশলা এবং শাহি জিরে ফোড়ন দিন। মিষ্টি গন্ধ বেরোলে তৈরি করে রাখা মশলার পেস্টটি দিয়ে দিন ওর মধ্যে।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো এবং সামান্য জল দিয়ে নাড়ুন। আঁচ কমিয়ে ফেটানো টক দই দিন। দই দেওয়ার পরে আঁচ কমানো অবস্থাতেই সমানে নাড়তে থাকুন। তাতে দই ফেটে যাবে না।

মশলা কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিন। পরিমাণমতো নুন ও চিনি দিন। কোর্মা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণ স্বাদ বুঝে দেবেন।

এবার ১ থেকে দেড় কাপ গরম জল দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না হতে দিন যত ক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হচ্ছে এবং ঝোল ঘন হয়ে আসছে।

ঝোল মাখা মাখা হয়ে এলে উপর থেকে আধ টেবিল চামচ ঘি, গরমমশলাগুঁড়ো এবং হাতে গুঁড়িয়ে নেওয়া কসুরি মেথি ছড়িয়ে দিন। চাইলে অল্প ক্রিমও ছড়িয়ে দিতে পারেন। তা হলেই তৈরি আলুর কোর্মা।

গরম গরম ফুলকো লুচির সঙ্গে পরিবেশন করলে জমে যাবে সকালের জলখাবার বা নৈশভোজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement