Vegetable Stew recipe

মাংস নয়, সব্জি দিয়েই খান স্ট্যু, সুস্বাদু ও স্বাস্থ্যকর ঝোলের পদ নিরামিষ ডায়েটের জন্য সেরা

গরমের দিনে হালকা, অথচ পেটভরা কিছু খেতে ইচ্ছে করলে সব্জির স্ট্যু উপযুক্ত। নানা রকম সব্জি, অল্প মশলা আর এক পাত্রেই তৈরি হয়ে যাবে সহজ, পুষ্টিকর আর আরামদায়ক রান্না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৯:৩৯
Share:

সব্জির স্ট্যু বানানোর রেসিপি শিখে নিন। ছবি: সংগৃহীত।

মাংসের স্ট্যু খেতে খেতে একঘেয়ে লাগছে? অথবা আপনি কি নিরামিষাশী? বা গরমে মাছ-মাংস-ডিমে তৃপ্তি আসে না? না কি ফাইবারসমৃদ্ধ খাবারের ডায়েটে আছেন? যে কোনও পরিস্থিতিতেই সব্জি দিয়ে দুর্দান্ত স্ট্যু বানিয়ে খেতে পারেন। গরমের দিনে হালকা, অথচ পেটভরা কিছু খেতে ইচ্ছে করলে সব্জির স্ট্যু উপযুক্ত। নানা রকম সব্জি, অল্প মশলা আর এক পাত্রেই তৈরি হয়ে যাবে সহজ, পুষ্টিকর আর আরামদায়ক এই রান্না। সময়ও লাগবে খুব কম।

Advertisement

রইল সব্জির স্ট্যু বানানোর পদ্ধতি

উপকরণ

Advertisement

একটি বড় পেঁয়াজ (মিহি করে কুচোনো)

৪ কোয়া রসুন (মিহি করে কুচোনো)

Advertisement

১ আঁটি পেঁয়াজশাক (পাতলা করে কাটা)

১টি ছোট বাঁধাকপি (মিহি করে কুচোনো)

১টি লাল ক্যাপসিকাম (লম্বালম্বি কাটা)

১ কাপ টম্যাটোকুচি

৬–৮টি আলু (খোসা ছাড়িয়ে টুকরো করা)

২ কাপ জল বা স্টক (মাংসেরও হতে পারে)

১ টেবিল চামচ অলিভ অয়েল

লঙ্কগুঁড়ো বা শুকনো লঙ্কা (স্বাদ অনুযায়ী)

স্বাদমতো নুন

স্বাদমতো গোলমরিচ

পার্সলেপাতা কুচোনো (পরিবেশনের জন্য)

প্রণালী

মাঝারি কড়াই বা প্যানে অল্প অলিভ অয়েল গরম করতে দিন। তার উপর পেঁয়াজকুচি ঢেলে দিন। উপর দিয়ে যৎসামান্য অলিভ অয়েল আরও মিশিয়ে দিন। সামান্য নুন দিয়ে নরম ও বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। নুন দেওয়ার ফলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে। মিনিট পাঁচেক পর রসুন ও লঙ্কা দিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। এ বার পাতলা করে কাটা পেঁয়াজশাক মিশিয়ে দিন প্যানে। তার পর ক্যাপসিকাম দিয়ে কয়েক মিনিট রান্না করুন। এই ধাপে সব্জিগুলি একটু নরম হয়ে আসবে। এ বার কুচি করা বাঁধাকপি, আলু ও টম্যাটো একসঙ্গে দিয়ে দিন। সঙ্গে জল বা স্টক ঢেলে ভাল করে নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ১৫ মিনিট মতো ফুটতে দিন, যত ক্ষণ না আলু নরম হচ্ছে। মাঝে দেখে নেবেন, ঝোল কমে গেলে একটু জল বাড়িয়ে দিতে পারেন। সব কিছু ভাল ভাবে সেদ্ধ হয়ে গেলে নুন-গোলমরিচ মিশিয়ে নিন প্রয়োজন মতো।

শেষে উপরে পার্সলেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে এই স্টুতে মুরগি মাংসের টুকরোও যোগ করা যায়। তাতে এটি আরও পুষ্টিকর হয়ে উঠবে। তবে নিরামিষ পদ খেতে চাইলে এই খাবারের জুড়ি মেলা ভার। এক পাত্রে তৈরি এই রান্নার সবচেয়ে বড় সুবিধা হল, ঘরে যে সব্জি আছে, তা দিয়েই বানানো যায়। এই স্ট্যু সহজেই হয়ে উঠতে পারে গরমের দিনের উপযুক্ত খাবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement