গ্যাস নিয়ে সমস্যা এখনও মেটেনি। অনেকেই ঝুঁকছেন এয়ার ফ্রায়ারের দিকে। স্বাস্থ্যসম্মত ভাবে রান্নাও করা যায় এই পদ্ধতিতে। অনেকে ভাবেন এয়ার ফ্রায়ার মানেই শুধু ভাজাভুজি। কিন্তু ভাত, আলু সিদ্ধও করে নেওয়া যায় এয়ার ফ্রায়ারে। দৈনন্দিন মাছ ভাজাটাও সেরে ফেলতে পারেন এতে। আবার চিকেন রোস্ট, কাবাবের মতো রান্নাও করতে পারেন এয়ারফ্রায়ারে। রইল তেমনই কিছু রন্ধনপ্রণালী।
হোল চিকেন রোস্ট
উপকরণ: মুরগি ১টা, টক দই ৩ টেবিল চামচ, পাতিলেবুর রস ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ, লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, গরমমশলা ১ চা চামচ, হলুদ ১/২ চা চামচ, নুন স্বাদ মতো, সরষের তেল/ অলিভ অয়েল ২ টেবিল চামচ, মধু।
প্রণালী: মুরগিটা ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মুরগির গায়ে ছুরি দিয়ে চিরে দিতে হবে। এ বার টক দই, তেল, আদা-রসুন বাটা, পাতিলেবুর রস, লঙ্কা গুঁড়ো, নুন-হলুদ, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মধু মিশিয়ে মিশ্রণটি মুরগির গায়ে ভাল করে মাখিয়ে অন্ততপক্ষে ৬ ঘণ্টা ম্যারিনেট করুন। ম্যারিনেশন হয়ে গেলে এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি তাপমাত্রায় মিনিট পাঁচেক প্রি-হিট করে নিন। এ বার এয়ার ফ্রায়ারের বাক্সে ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিন। ১৮০ ডিগ্রি তাপমাত্রাতেই আধঘণ্টা রান্না করুন। বার করে তেল ব্রাশ করে উল্টে দিয়ে আবার ২০ মিনিট রান্না করুন। শেষে ২০০ ডিগ্রি তাপমাত্রায় পাঁচ মিনিট রান্না করে নিলে উপরটা মুচমুচে হবে। বার করে মিনিট দশেক রাখুন। তার পর কেটে পরিবেশন করুন।
চিঁড়ে ভাজা
উপকরণ: চিঁড়ে ১ কাপ, সরষের তেল ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি ১/২ চা চামচ, বাদাম ১ টেবিল চামচ, নারকেলের টুকরো ১ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে এক কাপ চিঁড়ে নিন, তাতে ১ চামচ সরষের তেল, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, বাদাম ও পরিমাণ মতো নুন মিশিয়ে নিন। এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি তাপমাত্রায় প্রি-হিট করে নিয়ে চিঁড়ের মিশ্রণটি বাস্কেটে ঢেলে প্রায় ১০ মিনিট ভেজে নিন। মাঝে একবার নেড়েচেড়ে দিতে পারেন। উপর থেকে ভাজা বাদাম, কারি পাতা ও সামান্য চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন।
ফ্রায়েড রাইস
উপকরণ: রান্না করা ভাত ২ কাপ, ডিম ২টি, চিকেন (কিউব করে কাটা) ১ কাপ, পেঁয়াজ ১টি, গাজর কুচি ১/২ কাপ, ক্যাপসিকাম ১/২ কাপ, মটরশুঁটি ১/২ কাপ, রসুন কুচি ১ চা চামচ, সয় সস ১–২ চা চামচ, ভিনিগার ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, নুন-চিনি স্বাদ মতো, তেল ১-২ টেবিল চামচ।
প্রণালী: এয়ার ফ্রায়ারে ভাত রাঁধতে একটা বাটিতে পরিমাণমতো জল ও চাল, অল্প নুন দিয়ে মিশিয়ে একটা ফয়েল দিয়ে বাটি ঢেকে বসিয়ে দিন। ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিট বসিয়ে দিন। তার পর বন্ধ করে ওর মধ্যেই রেখে দিন। ভাত রান্না হয়ে যাবে। এ বার চিকেন, নুন, ১ চা চামচ তেল ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৮-১০ মিনিট এয়ার ফ্রাই করতে হবে। এ বার পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, রসুন মিশিয়ে আরও মিনিট ছয়েক রান্না করুন। চিকেন-সবজির মিশ্রণ তুলে একটা ডিম ফেটিয়ে ২ মিনিট রান্না করে স্ক্র্যাম্বল করে নিন। সব শেষে চিকেন-সবজির মিশ্রণ, ভাত, নুন-মিষ্টি মিশিয়ে দিন। এ বার একে একে সয় সস, ভিনিগার ও পরিমাণ মতো তেল দিয়ে নাড়াচাড়া করে ৫ মিনিট এয়ার ফ্রাই করুন। তৈরি ফ্রায়েড রাইস।
মাছ ভাজা
উপকরণ: ভেটকি মাছের টুকরো তিনটি, নুন-হলুদ পরিমাণ মতো, পাতিলেবুর রস ২ চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, সরষের তেল পরিমাণ মতো।
প্রণালী: মাছের টুকরো ধুয়ে ভাল করে নুন-হলুদ, পাতিলেবুর রস ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিন। এ বার ভাল করে মাছের দু’পিঠে তেল ব্রাশ করে দিন। এ বার এয়ার ফ্রায়ারে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট রান্না করুন। উল্টে দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। উপরে মুচমুচে ভাব আনার জন্য আরও ৩-৪ মিনিট রান্না করতে পারেন।
এগ ফ্রিটাটা
উপকরণ: ডিম ৪টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ১ টেবিল চামচ, টম্যাটো কুচি ১ টেবিল চামচ, চিকেন কুচি ১/২ কাপ, চিজ় ১ কিউব, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদ মতো।
প্রণালী: একটা পাত্রে চিকেন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টম্যাটো কুচি দিয়ে দিতে হবে। উপরে নুন, তেল, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে দিন। এটা ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট এয়ার ফ্রাই করুন। ওই মিশ্রণের উপরে চারটি ডিম ফেটিয়ে দিন। উপর থেকে চিজ় কুরিয়ে দিন। এই মিশ্রণটাকে এয়ার ফ্রায়ারে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট রান্না করুন। মুচমুচে করার জন্য উপরে তেল ব্রাশ করে আরও ৫ মিনিট রান্না করলেই তৈরি এগ ফ্রিটাটা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে