হাতির হানায় ভাঙল বাড়ি। বাঘমুণ্ডিতে।
ঝালদার হেঁসলা পাহাড় থেকে হুলাপার্টির তাড়া খেয়ে জঙ্গল পার হয়ে হাতির দল ঢুকে পড়ল বাঘমুণ্ডিতে। বৃহস্পতিবার রাতে ১৮টি হাতির দল বাঘমুণ্ডির গোঁসাইডি গ্রামে হানা দিয়ে দু’টি কাঁচা বাড়ি ভাঙে। বেশ কয়েক বিঘা জমির ধানও তছনছ করেছে তারা। দলটিতে দু’টি শাবক ও দু’টি দাঁতাল দেখা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে জেনেছেন বন দফতরের কর্তারা। উল্লেখ্য, গত রবিবার সুবর্ণরেখা পার হয়ে ঝাড়খণ্ড থেকে দলটি যখন ঝালদায় ঢোকে, তখন লোকজনের চোখে পড়ে দলে তিনটি শাবক রয়েছে। সেই দলটি এখন বাঘমুণ্ডির জঙ্গলেই রয়েছে। বন দফতরের লোকজন গ্রামে গিয়ে ক্ষয়ক্ষতিরও খবর নিয়েছেন। বাঘমুণ্ডি রেঞ্জের এক আধিকারিক মনোজকুমার মল্ল বলেন, ‘‘হাতির দলটি ঝালদা থেকে বুকাডি হয়ে এ দিকে ঢুকেছে। আমরা নজরে রাখছি।’’