IPL 2026

রাজস্থানের পর বিক্রি হয়ে গেল কোহলিদের বেঙ্গালুরুও, টাকার অঙ্কে বৈভবের দলকে টেক্কা দিল আরসিবি

আরসিবির বর্তমান এবং নতুন মালিক পক্ষের মধ্যে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে। সরকারি ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। প্রায় ১৬ হাজার ৭০০ কোটি টাকায় আরসিবি বিক্রি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২১:৫৪
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালসের পর বিক্রি হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের দল কিনে নিল ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। সংবাদমাধ্যম মানিকন্ট্রোল এই খবর জানিয়েছে। দামে রাজস্থান রয়্যালসকে টেক্কা দিয়েছে বেঙ্গালুরু। গত বছর প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি।

Advertisement

আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছে আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজ়ার, আমেরিকার সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠী। আরসিবি বিক্রির সরকারি ঘোষণা অবশ্য হয়নি। মনে করা হচ্ছে,বর্তমান মালিক পক্ষের সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়ে গেলে সরকারি ভাবে ঘোষণা করা হবে। মানিকন্ট্রোলের দাবি অনুযায়ী, দু’পক্ষের মধ্যে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে। অন্য একটি সূত্র জানাচ্ছে, ১৭৮ কোটি ডলার বা প্রায় ১৬ হাজার ৭০৬ কোটি টাকায় বিক্রি হয়েছে আরসিবির ১০০ শতাংশ মালিকানা।

দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সত্যন গজওয়ানি। ২০২৬ সালের আইপিএলের পর তাঁরা দায়িত্ব নেবেন। এত দিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবি’র কর্মকাণ্ড সামলাতো দিয়াজিও।

Advertisement

আরসিবি কেনার লড়াইয়ে ছিল সুইডেনের সংস্থা ইকিউটি এবং মণিপাল হাসপাতাল গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টয়াম। ওই কনসোর্টিয়ামে ছিল আমেরিকার সংস্থা কোহ্‌লবার্গ ক্রেভিস রবার্টস (কেকেআর) ও সিঙ্গাপুরের সংস্থা টেমাসেক। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক গ্লেজ়ার্স এবং কোভিডের টিকা তৈরি করা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও এবং পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান আদার পুনাওয়ালা প্রথম দিকে আরসিবি কেনার ব্যাপারে আগ্রহ দেখালেও পরে সরে যান। বরং আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম শেষ দিকে এই লড়াইয়ে ঢোকে। রাজস্থান রয়্যালস কেনা সম্ভব হবে না বুঝতে পেতে সর্বশক্তি দিয়ে তারা আরসিবি কিনতে ঝাঁপায়। শেষ হাসি তারাই হাসল।

মঙ্গলবারই রাজস্থান বিক্রির খবর প্রকাশ্যে এসেছে। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। ভারতীয় মূল্যে প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লাখ টাকায় বিক্রি হয়েছে প্রথম বার আইপিএল জেতা রাজস্থান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement