IPL 2026

দু’বছর আগে কোহলির ব্যাট চেয়ে নিয়েছিলেন রিঙ্কু, এ বার তাঁর ব্যাট নিয়ে নিলেন লখনউয়ের ক্রিকেটার, মধ্যস্থতা করলেন পন্থ

রবিবার লখনউ সুপার জায়ান্টস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর রিঙ্কু সিংহের কাছে একটি ব্যাট চান লখনউয়ের এক ক্রিকেটার। রিঙ্কু প্রথম রাজি না হওয়ায় মধ্যস্থতা করতে হয় ঋষভ পন্থকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২৩:০২
Share:

(বাঁ দিকে) রিঙ্কু সিংহ এবং ঋষভ পন্থ (ডান দিকে)। ছবি: বিসিসিআই।

কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর রিঙ্কু সিংহের কাছ থেকে ব্যাট চেয়ে নিয়েছেন মহসিন খান। তবে সহজে কেকেআর ব্যাটারের কাছ থেকে ব্যাট পাননি লখনউ সুপার জায়ান্টসের বোলার। তাঁকে অবশ্য ঋষভ পন্থের সাহায্য নিতে হয়েছে।

Advertisement

রবিবার লখনউয়ের বিরুদ্ধে ৫১ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন রিঙ্কু। পরে সুপার ওভারের প্রথম বলেই চার মেরে কেকেআরকে এ বারের আইপিএলের দ্বিতীয় জয় এনে দেন। এ ছাড়া ম্যাচে পাঁচটি ক্যাচ ধরেও নজর কাড়েন। লখনউ হারলেও বল হাতে নজর কেড়েছেন মহসিনও। ২৩ রানে ৫ উইকেট নিয়ে কেকেআরের ইনিংসে ধস নামান বাঁহাতি জোরে বোলার।

ম্যাচের পরে রিঙ্কুর সঙ্গে কথা বলছিলেন লখনউয়ের কয়েক জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ছিলেন মহসিনও। সে সময় তিনি রিঙ্কুর কাছ থেকে একটি ব্যাট চান। লখনউয়ের বোলার রিঙ্কুকে বলেন, ‘‘তোর একটা ব্যাট আমায় দিয়ে দে। আমিও আমার থেকে তোকে একটা দিচ্ছি। এ টুকু তো কর।’’ জবাবে রিঙ্কু বলেন, ‘‘না না, এ সব করিস না। তা ছাড়া এই ব্যাট নিয়ে তুই কী করবি? কোথায় খেলবি?’’ এর পর মহসিন বলেন, ‘‘একটা ব্যাট দে। যে কোনও একটা। কী হবে দিলে?’’ এর পর পন্থ রিঙ্কুকে বলেন, ‘‘দিয়ে দে না একটা ব্যাট। যে ব্যাটগুলো ব্যবহার করছিস না, তার থেকেই না হয় একটা দে। ওকে (মহসিনকে দেখিয়ে) একটা ব্যাট দিয়ে তার পর যাবি।’’ রিঙ্কু বলেন, ‘‘ভাইয়া, আমি অনেককে ব্যাট দিই। কিন্তু ও নিয়ে কী করবে? আচ্ছা, ওর কেমন ব্যাট চাই?’’ লখনউ অধিনায়ক বলেন, ‘‘একটা হালকা, ভাল ব্যাট দে ওকে।’’

Advertisement

এর পর সাজঘরে গিয়ে ব্যাগ থেকে বেছে একটা ব্যাট মহসিনকে দেন রিঙ্কু। সঙ্গে ছিলেন মহসিনও। একটা ব্যাট দেখিয়ে তিনি বলেন, ‘‘এই ব্যাটটা দে। এটা বেশ ভাল।’’ রিঙ্কু এ বার বলেন, ‘‘না, না। এটা একদম নতুন ব্যাট।’’ মহসিন বলেন, ‘‘তা হলে, যে কোনও একটা দাও।’’ আরও কয়েকটি ব্যাট দেখে একটি মহসিনকে দিয়ে দেন রিঙ্কু। তাঁকে ধন্যবাদ দিয়ে ব্যাট নিয়ে চলে যান মহসিন। গোটা ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।

রিঙ্কু এবং মহসিন দু’জনেই উত্তরপ্রদেশের ক্রিকেটার। একসঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলেন। তাঁদের মধ্যে ভাল বন্ধুত্বও রয়েছে। উল্লেখ্য, দু’বছর আগে ইডেন গার্ডেন্সে রিঙ্কুও একটা ব্যাট এ ভাবে চেয়ে নিয়েছিলেন বিরাট কোহলির কাছ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement