রিয়ান পরাগ। —ফাইল চিত্র।
রান পাচ্ছেন না। প্রশ্ন উঠছে নেতৃত্ব নিয়ে। সতীর্থদের সঙ্গে আচরণও সন্তোষজনক নয়। সাজঘরে ধূমপান করে রাজস্থান রয়্যালসের অস্বস্তি আরও বাড়িয়েছেন রিয়ান পরাগ। অধিনায়কের এমন আচরণে ক্ষুব্ধ রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারা। দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে তিনি বলেছেন, দল এবং ক্রিকেট সংস্কৃতির সঙ্গে মানানসই নয়, এমন কোনও কিছুই তাঁর পছন্দ নয়।
ভাল খেললেও এ বারের আইপিএলে একাধিক বিতর্কে জড়িয়েছে রাজস্থান। এর আগে ম্যাচ চলাচালীন ডাগআউটের পাশে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিলেন রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্ডার। শারীরিক জরুরি প্রয়োজনের কারণ ব্যাখ্যা করেও শাস্তি এড়াতে পারেননি তিনি। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ বার সাজঘরে বসে ই-সিগারেট সেবন করে বিতর্ক তৈরি করেছেন অধিনায়ক রিয়ান। তাঁকেও শাস্তি পেতে হয়েছে। সতর্ক করার পাশাপাশি ২৫ লাখ টাকা জরিমানা করেছে বিসিসিআই।
একের পর এক বিতর্কে বিধ্বস্ত রাজস্থান শিবির। এই পরিস্থিতিতে দিল্লি ম্যাচের আগে কড়া বার্তা দিয়েছেন কোচ সাঙ্গাকারা। তিনি বলেছেন, ‘‘এই ধরনের বিতর্ক কখনও দলের জন্য ইতিবাচক হতে পারে না। আমি শুধু বলতে পারি, বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজ়ি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ক্রিকেটারদের মনে করিয়ে দিতে চাই, দলের সংস্কৃতি বজায় রাখতে হবে।’’ বিতর্ক ভুলে তাঁরা ক্রিকেটে মন দিতে চাইছেন বলে দাবি করলেও অধিনায়কের উপর অসন্তোষ বুঝিয়ে দিয়েছেন রাজস্থান কোচ।
রিয়ানের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। ১৪ কোটি টাকায় তাঁকে ধরে রেখেছে রাজস্থান। সুতরাং, প্রতি ম্যাচে তিনি ১ কোটি টাকা করে পান। তার ২৫ শতাংশ, অর্থাৎ, ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পরাগকে। আইপিএলের নিয়মের ২.২১ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে রিয়ানকে। এই ধারা অনুযায়ী, ক্রিকেট খেলার মানহানির জন্য শাস্তি দেওয়া হয় ক্রিকেটারদের। রিয়ানের ধূমপানকে সেই ধারার মধ্যে রাখা হয়েছে। তাঁকে সতর্কও করে দিয়েছে বোর্ড। ভবিষ্যতে এই ধরনের ভুল করলে নির্বাসনের শাস্তি পেতে হতে পারে তাঁকে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে ঘটনাটি ঘটে। সেই সময়ে ক্যামেরা তাক করা হয়েছিল রাজস্থানের সাজঘরের দিকে। হাতে একটি যন্ত্র নিয়ে মুখের সামনে ধরেন রিয়ান। সেই সময়েই তাঁর সামনে এসে পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি সরে যেতে দেখা যায়, রিয়ানের মুখ থেকে ধোঁয়া বেরচ্ছে। রিয়ান ই-সিগারেট জাতীয় কিছু সেবন করেন বলে মনে করা হয়। প্রসঙ্গত, ই-সিগারেট ভারতে নিষিদ্ধ। এর ব্যবহারে জেলও হতে পারে।