IPL 2026

কেকেআর সমর্থক বান্ধবীকে ভরা স্টেডিয়ামে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে বিপত্তি, আংটিই পড়ে গেল মুম্বই সমর্থক যুবকের হাত থেকে

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অজিঙ্ক রাহানেদের সঙ্গে হার্দিক পাণ্ড্যদের লড়াইয়ের মাঝে নজর কেড়েছে গ্যালারির একটি ঘটনা। মুম্বইয়ের সমর্থক এক যুবকের সঙ্গে নতুন জীবনের অঙ্গীকার করলেন কলকাতার সমর্থক এক যুবতী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৯:২৪
Share:

ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে ওই যুগল। ছবি: এক্স।

আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে নজর কেড়ে নিয়েছেন এক যুগল। মাঠে যখন দু’দল লড়াইয়ে ব্যস্ত তখন গ্যালারিতে কেকেআর সমর্থক বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন মুম্বই সমর্থক তরুণ। তাতেই ঘটল বিপত্তি।

Advertisement

ভরা গ্যালারির মাঝে চেয়ারের উপর হাঁটুমুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন এক যুবক। মুম্বই সমর্থক ওই যুবক বাক্স খুলতেই তার মধ্যে থাকা আংটি পড়ে যায় গ্যালারিতে। চেয়ারের উপর বসতে গিয়ে শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেননি তিনি। তাতেই ছিটকে পড়ে যায় আংটি। বিয়ের প্রস্তাব দিতে গিয়ে এমন অপ্রত্যাশিত ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ওই যুবক।

ততক্ষণে গ্যালারির ওই অংশের ক্রিকেটপ্রেমীরা মাঠের খেলা ছেড়ে তাঁদের নিয়ে মেতে উঠেছেন। অন্যেরা সঙ্গে সঙ্গে আংটি খুঁজতে শুরু করেন। কয়েক মিনিটের মধ্যেই গ্যালারির সামনের সারির একটি আসনের পাশে আংটিটি খুঁজে পান এক ক্রিকেটপ্রেমী। মুখে হাসি ফেরে মুম্বই সমর্থক প্রেমিকের। দ্বিতীয় বার আর ভুল করেননি। চেয়ারের উপর দাঁড়ানো প্রেমিকাকে প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দেন। প্রেমিককে জড়িয়ে ধরে প্রস্তাবে সম্মতি জানান কেকেআর সমর্থক যুবতী।

Advertisement

ভালয় ভালয় প্রস্তাবপর্ব মেটায় সেখানে থাকা অন্য ক্রিকেটপ্রেমীরা হাততালি দিয়ে তাঁদের অভিনন্দন জানান। রবিবারের কলকাতা-মুম্বই ম্যাচের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। মাঠের লড়াই ছাপিয়ে গ্যালারিতে দু’দলের দুই সমর্থক নতুন জীবনের পথে পা ফেললেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement