ICC T20 World Cup 2026

বরফ গলছে! বিশ্বকাপে না খেললেও শাস্তি হবে না বাংলাদেশের, জানিয়ে দিল আইসিসি, ভারত-পাক ম‍্যাচ হওয়ার সম্ভাবনাও বাড়ছে

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ। তার জন্য কোনও শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। সোমবার রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়ে দিল আইসিসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৩
Share:

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। — ফাইল চিত্র।

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ। তাদের বাতিল করে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে আইসিসি। ভারতে বিশ্বকাপ খেলতে না আসার জন্য কোনও শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। সোমবার রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়ে দিল আইসিসি। পাশাপাশি, বাংলাদেশে একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ভারত ম্যাচ খেলার জন্য খোদ বাংলাদেশই পাকিস্তানকে অনুরোধ করায়, ১৫ ফেব্রুয়ারির ম্যাচ হওয়ার সম্ভাবনা বাড়ছে।

Advertisement

রবিবার লাহৌরে আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠক হয় পাকিস্তান বোর্ড এবং বাংলাদেশ বোর্ডের শীর্ষকর্তাদের। সেখানে ভারত ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করা হয়। সেই দর কষাকষির মাঝেই বাংলাদেশও নিজেদের দাবি রেখেছিল। তারা জানিয়েছিল, বিশ্বকাপে না খেলার জন্য বাংলাদেশকে যেন কোনও শাস্তি না দেওয়া হয়। পাশাপাশি একটি আইসিসি-র প্রতিযোগিতাও যেন দেওয়া হয়। দু’টিই মেনে নেওয়া হয়েছে।

এ দিন আইসিসি বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশকে কোনও আর্থিক, ক্রীড়াভিত্তিক বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না। বাংলাদেশ দরকারে সমস্যা সমাধান কমিটির কাছে আবেদন করতে পারে। সদস্য দেশগুলির প্রতি নিরপেক্ষতা এবং ন্যায়বিচারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শাস্তির বদলে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

Advertisement

বৈঠকে হওয়া আলোচনা অনুযায়ী, আগামী পাঁচ বছর, অর্থাৎ ২০৩১-এর মধ্যে বাংলাদেশে একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩১ এক দিনের বিশ্বকাপের আগেই এই প্রতিযোগিতা হবে। বড় প্রতিযোগিতা আয়োজন করার জন্য বাংলাদেশ যে দক্ষ এবং সক্ষম, এ ব্যাপারে বিশ্বাস রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসি-র মুখ্য কর্তা সংযোগ গুপ্ত বলেছেন, “টি২০ বিশ্বকাপে বাংলাদেশ না থাকার আক্ষেপ থেকে যাবে। তবে বাংলাদেশকে ক্রিকেটীয় দেশ হিসাবে গড়ে তুলতে নিজেদের দায়বদ্ধতা থেকে সরবে না আইসিসি। বাংলাদেশের সঙ্গে নিবিড় ভাবে কাজ করে চায় আইসিসি, যাতে ভবিষ্যতে সে দেশে ক্রিকেট উন্নতি করতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement